ঝিনাইদহ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দুকলাকুঁড়ি মাঠে বুধবার রাতে কথিত চরমপন্থী সংগঠনের এক ক্যাডারকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার সকালে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের নাম- শহীদুল ইসলাম (৪০)। তিনি হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং সেবা ঠাকুর নামে পরিচিত ছিলেন।
শহীদুল ইসলামের স্ত্রী সালমার বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকালে নাশতা খেয়ে বাজারে যাওয়ার কথা বলে শহীদুল বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি।"
এএসপি জানান, বৃহস্পতিবার সকালে দুকলাকুঁড়ি মাঠে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। শহীদুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৩৬ ঘ.
bdnews24