বগুড়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জমিরউদ্দিন সরকারের পক্ষে কাজ করার অভিযোগে একজন পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একজন প্রিজাইডিং কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছিল। পরে অভিযোগের সত্যতা না পেয়ে পুনরায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদর আসনের সিটি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোলিং কর্মকর্তা শওকত আলী ধানের শীষ প্রতীক সম্বলিত স্লিপ ভোটারদের দেখানোর সময় আওয়ামী লীগ প্রার্থী মমতাজউদ্দিন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ক্লোজ করে এসএম আব্দুল হামিদ নামে অপর একজনকে ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে জমিরউদ্দিনের পক্ষে কাজ করার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে ঠনঠনিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বদরুল আলমকে প্রত্যাহার করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ।
পরে দুপুর দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. মুসা ঘটনাস্থলে যেয়ে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে পুনরায় দায়িত্ব পালনের নির্দেশ দেন।
রিটার্নিং কর্মকর্তা মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোলিং এজেন্টদের কাছ থেকে এ ঘটনার সত্যতা না পেয়ে পুনরায় বদরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানিয়েছেন, বগুড়ার দুটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বগুড়া সদরের পদিমপাড়া মাদ্রাসা, প্রি ক্যাডেট হাইস্কুল, মালতিনগর হাইস্কুল, শাজাহানপুর উপজেলার বেজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকলোকমান কমিউনিটি পুলিশ সেন্টার, গাবতলী উপজেলার শহীদ উচ্চ বিদ্যালয় ও তরফসরতাজ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। তবে এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
গাবতলী চকবোচাই সরকারি প্রাথমিক কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ কর্মী শফিউল মাস্টারের ছেলে সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল হোসেন মোল্লা।
গাবতলী থানা বিএনপি সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন জানান, নেপালতলি কালুডাঙ্গা কেন্দ্রে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান ও ডা. জগলু আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম আজম খান সংঘর্ষে তার দলের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
সকাল ৯টার দিকে বগুড়া সদরের শাখারিয়ার পদিমপাড়া মাদ্রাসা কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলামসহ ৫ জন আহত হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এই ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৫০৪ ঘ.
bdnews24