রংপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতি করবেন জানলে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাসাটি দিতেন না বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বাসাটি ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর পরদিন এসব কথা বলেন সাবেক সেনা শাসক ও ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, "একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসেবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়।"
এরশাদ বৃহস্পতিবার রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "সেনানিবাসে থেকে রাজনীতি করা সঙ্গত নয়। ওটা সংরক্ষিত এলাকা। সেখানে বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করলে স্যাবোটাজ হতে পারে।"
এ সময় খালেদা জিয়াকে সেনানিবাসের বাসাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান সাবেক এই সেনাপ্রধান।
এরশাদ বলেন, "খালেদা জিয়া যে বাড়িতে থাকেন সেটি 'ক্যান্ট বোর্ডের' অধীনে। আমি তাকে বরাদ্দ দিয়েছিলাম তার ছোট ছোট ছেলেদের ভবিষতের কথা চিন্তা করে। আমি তখন জানতাম না সেখানে বসে তিনি রাজনীতি করবেন। এটা জানলে হয়তো তাকে বাসাটি দিতাম না। আমি সেনাবাহিনী প্রধান ছিলাম বলে বেগম জিয়াকে ওই জায়গা দিয়েছিলাম।"
তিনি বলেন, "সরকার ইচ্ছা করলে সেনানিবাসের বাড়িটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। তবে বেগম জিয়ার উচিত বাড়িটি ছেড়ে দেওয়া।"
এ বিষয়ে এরশাদ আরো বলেন, "তাদের গুলশানেও একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিলো। বেগম জিয়া যাতে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারেন সে জন্যই ক্যান্টনমেন্টের বাসাটি সহ দুটি বাসা দেওয়া হয়েছিল।
"ক্যান্টনমেন্টের বাসায় বসে রাজনৈতিক কর্মকাণ্ড করা ঠিক না। গণতন্ত্র ও রাজনীতির স্বার্থে তাকে বাসাটি ছেড়ে দেওয়া উচিত।"
এরশাদ সকাল ৮টা ১ মিনিটে রংপুর শহরের সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ আসনে তার স্ত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে জাতীয় পার্টির প্রার্থীর নিশ্চিত বিজয় হবে দাবি করে এরশাদ বলেন, "এটা আমার আসন। এখানে তিনি (রওশন এরশাদ) অবশ্যই জয়ী হবেন।"
আওয়ামী লীগ মহাজোট গঠন করে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জাতীয় পার্টির সঙ্গে ভাল আচরণ করছেন না
bdnews24