ভোলা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা শহরের চারটি মার্কেটে বুধবার রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন গভীর রাতে জানান, শহরের সুতা পট্টি, চকবাজার, মুদি পট্টি ও বঙ্গবাজার আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
রাত সোয়া ১০টার দিকে সুতা পট্টি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর অন্যান্য মার্কেটে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভোলা ও বোরহানউদ্দিন দমকল বাহিনীর তিনটি ইউনিট দু'ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সহায়তায় এগিয়ে আসে কয়েক হাজার স্থানীয় মানুষ।
আহাদ চৌধুরী তুহিন জানান, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৫৫ ঘ.
bdnews24