২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনিক মুক্ত পানি সরবরাহে মুন্সীগঞ্জে দু'হাজার গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ

আর্সেনিক মুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের তিনটি উপজেলায় দু'হাজার গভীর নলকূপ স্থাপন করার জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

মুন্সীগঞ্জ, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনিক মুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের তিনটি উপজেলায় দু'হাজার গভীর নলকূপ স্থাপন করার জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার আর্সেনিক সংক্রান্ত এক কর্মশালায় ক্ষমতাসীন দলের হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি একথা জানান। এমিলি বলেন, পাইলট প্রকল্পের আওতায় সরকার ১৪ কোটি টাকা ব্যয়ে টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগরে দু'হাজার গভীর নলকূপ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ এই জেলায় (মুন্সীগঞ্জ) গত সাত বছরে সরকারিভাবে কোনো গভীর নলকূপ স্থাপন করা হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, দিনবদলের শ্লোগান বাস্তবায়নে গ্রামের মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৪০ নারী-পুরুষ দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন। টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, মহিলা ভাইস-চেয়ারম্যান এমিলি পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সোহেল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫৬ ঘ.