২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত আসামীদের দায়ী করে মামলা

ঢাকা মেডিকেল কলেজে সোমবার রাতের ঘটনার জেরে ছাত্রলীগ নেতা আবুল আসাদ রাজীবের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত আসামীদের দায়ী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 06:55 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজে সোমবার রাতের ঘটনার জেরে ছাত্রলীগ নেতা আবুল আসাদ রাজীবের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত আসামীদের দায়ী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের প্রধান সহকারি কাজী মাহবুবুল হক বাদী হয়ে লালবাগ থানায় বিকেলে এই মামলাটি দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে তিনটায় দায়ের করা এই মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। আমরা সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করছি।" এজাহারে বলা হয়েছে, 'সোমবার রাতে অজ্ঞাতসংখ্যক সন্ত্রাসী রাজীবসহ মিজান, ইউসুফ, শুভ, মারজু, প্রিতম ও আরো কয়েকজনকে হামলা করে আহত করে। হোস্টেলের ভেতরে ঢুকে হামলা চালানোয় মাহবুবুল এই মামলা দায়ের করেছেন।' ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাসে সোমবার রাতে ছাত্রলীগের দু' গ্র"পের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা রাজীব মঙ্গলবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ২৫/৩০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪৫ঘ.