২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। (আপডেট)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ফরিদপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। তার নাম ইউনুস খান (৩৫)। বাড়ি ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকায়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন-এ দাঁড়িয়েছে। নিহত অপর দুজন হচ্ছেন- পিকআপ ভ্যান যাত্রী রাজবাড়ী জেলার গোয়ালন্দের মামুনুর রহমান ইব্রাহীম (৩০) ও পিকআপ ভ্যান চালক ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবকস রোডের পলাশ সিকদার (৩০)। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস মারা গেছেন। গুরুতর আহত আরেক পিকআপ ভ্যান যাত্রী সোহেল (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহত অপর আটজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইলে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। বগাইলে পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৭৫৯ ঘ.