২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়া উপজেলার নির্বাচন দ্বিতীয় দফা স্থগিত

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন দ্বিতীয় দফা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব মুহম্মদ হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:01 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন দ্বিতীয় দফা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসি সচিব মুহম্মদ হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

তিনি বলেন, "অনিবার্য কারণবশতঃ উখিয়া উপজেলার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি পাঁচ উপজেলার নির্বাচন তফসিল অনুযায়ী ৬ এপ্রিলই অনুষ্ঠিত হবে।"

বাকি পাঁচ উপজেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া, সিরাজগঞ্জের বেলকুচি ও খাগড়াছড়ির দিঘীনালা।

গত ২১ জানুয়ারি উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিলের জের ধরে কক্সবাজারে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পুড়িয়ে দেয় দলীয় নেতাকর্মীরা। সে সময় উখিয়া স্টেশন এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরও চালায় তারা। এ অবস্থায় ওই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

ইসির কর্মকর্তারা জানান, ছয় এপ্রিল নির্বাচন হলে এই উপজেলায় ফের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে।

নির্বাচনের দিন চারটি উপজেলা ও নির্বাচনের আগে দুইটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয় ।

গত ১২ ফেব্র"য়ারি উখিয়াসহ স্থগিত বাকি পাঁচ উপজেলায় ৬ এপ্রিল পুনর্নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি।

এদিকে বুধবার কমিশনের এক বৈঠকে দাউদকান্দি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের ফলাফল গেজেট আকারে প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করেন ইসি সচিব।

তিনি জানান, বাকি দুইটি পদের গেজেট শিগগির প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১৩৩ঘ.