২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীরা

বিডিআর সদর দপ্তরে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীরা। 'শোকাহত জাতি সংহত আজ গণতন্ত্রের ধারায়' এই শ্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক শোক সভার আয়োজন করে। সভার শুরুতে ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের স্মরণ ও 'সকল ষড়যন্ত্র' অতিক্রম করে গণতন্ত্রকে টিকিয়ে রাখার প্রত্যয়ে গান, কবিতা ও আবৃত্তি পরিবেশিত হয় সভায়। উদ্দীপনামূলক সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন মিতা হক, ফকির আলমগীর, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও রেজীনা ওয়ালী লীনা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস বলেন, বিডিআরে সংঘটিত ঘটনা তাৎক্ষণিক কোনো বিদ্রোহ নয় বরং এটি পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ। দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি ও গণতন্ত্রের ধারাকে নস্যাৎ করার জন্য এ অবস্থার সৃষ্টি করা হয়েছে। সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, নিষ্ঠুর আক্রমণের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারবর্গের এই বেদনা মুছে দেওয়ার সাধ্য কারো নেই, কিন্তু কিছুটা হলেও দুঃখের অংশীদার হওয়া যাবে। তিনি হত্যাকারী- ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে এই ষড়যন্ত্র ও রক্তপাতের অবসান হয়। তিনি প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্তের প্রশংসা করেন। নাগরিক এই সভায় উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, গ্র"প থিয়েটার ফেডারেশনের সভাপতি ম হামিদ, সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, সাহিত্যসেবী মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ। অন্ধকার দূর করে 'গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রের' বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে সভার শেষে মোমবাতি জ্বালানো হয়। নাগরিক সভা থেকে জানানো হয় সোমবার সেক্টরস কমান্ডারস ফোরাম দুপুর একটা থেকে দু'টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করবে। এরপর তিনটায় শহীদ মিনারে শোক সভা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৩৭ঘ.