ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় বা পরে পালিয়ে যাওয়া এবং অনুপস্থিত বিডিআর সদস্যদের পিলখানা সদর দপ্তরে রিপোর্ট প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার রাত আটটার পর এ প্রক্রিয়া স্থগিত করা হয়।
সোমবার সকাল আটটা থেকে তাদেরকে আবার বিডিআর সদরদপ্তরের চার নম্বর ফটকে (রাইফেলস স্কোয়ার সংলগ্ন) রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে রোববার রাত আটটা পর্যন্ত ইউনিফর্ম পরিহিত ৬০ জন বিডিআর সদস্য চার নম্বর ফটকে রিপোর্ট করে সদর দপ্তরের ভেতরে ঢোকেন। এছাড়া রিপোর্ট করার জন্য সদরদপ্তরের প্রধান ফটকের সামনে এবং ধানমণ্ডির আবাহনী মাঠে ভিড় করেন আরো কয়েক হাজার বিডিআর সদস্য।
রিপোর্ট করার জন্য ধানমন্ডির আবহানী মাঠে সারাদিন অপেক্ষার পর ফিরে আসা সুবেদার শাহজাহান জানান, আবহানী মাঠে তাদের নিজ নিজ ব্যাটালিয়নের সদস্যদের নামের একটি তালিকা তৈরী করা হয়। ওই তালিকা অনুযায়ী পিলখানা সদর দপ্তরে তাদের রিপোর্ট করার কথা ছিলো।
তিনি আরো জানান, রাত আটটার দিকে তাদেরকে সেখান থেকে পিলখানার চার নম্বর গেটে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর রাত নয়টার দিকে গেটে কর্তব্যরত সেনাসদস্যরা মাইকে তাদেরকে সোমবার সকাল আটটায় একই জায়গায় হাজির থাকতে বলা হয়েছে।
শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, নিজ কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না হলে বিডিআর সদরদপ্তর, নিকটস্থ সেক্টর সদরদপ্তর, ব্যাটালিয়ন সদরদপ্তর বা নিকটস্থ থানায় রিপোর্ট করার সুযোগ পাবেন এসব বিডিআর সদস্য।
প্রেসনোটে আরো বলা হয়, "এ সময়সীমার মধ্যে রিপোর্ট করতে বা কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শনিবার দুপুরে সরকারের ওই ঘোষণার পর বিকেল থেকে বেশ কিছু বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করতে আসেন। এরপর রোববার সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে ভিড় করতে থাকে শত শত বিডিআর সদস্য।
গত বুধবার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
বিডিনিউজ ২৪ ডটকম /এসআইটি/এএনএস/এইচএ/০০২৮ঘ.
bdnews24