ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্রোহের সময় বা পরে পালিয়ে যাওয়া এবং অনুপস্থিত বিডিআর সদস্যরা পিলখানা সদর দপ্তরে রিপোর্ট করে চলেছেন। রোববার রাত ৮ টা নাগাদ সদরদপ্তরে যোগ দিয়েছেন ইউনিফর্ম পরিহিত ৬০ জন সদস্য।
এছাড়া রিপোর্ট করার জন্য সদরদপ্তরের প্রধান ফটকের সামনে এবং ধানমণ্ডির আবাহনী মাঠে ভিড় করছেন আরো কয়েক হাজার বিডিআর সদস্য।
সদর দপ্তরে রিপোর্ট শেষে বেরিয়ে আসা ফারুক লস্কর নামের একজন সিপাহী জানিয়েছেন, যোগদান করার পরই তাকে একটি কক্ষে নিয়ে সেদিনের ঘটনা জানতে চান বিডিআরের পক্ষে দায়িত্বরত সেনা কর্মকর্তারা।
তিনি তাদের জানিয়েছেন, ঘটনার দিন গোলাগুলি শুরুর পরই তিনি সদরদপ্তর থেকে বেরিয়ে যান। পরে সরকারের ঘোষণা শোনার পরে ফিরে আসেন।
সিপাহী ফারুক জানান, তার বক্তব্য শোনার পর একটি স্লিপে সাক্ষর করে তাকে একমাসের ছুটি দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে যেকোন সময় ডাকলে আসার জন্য তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তার সঙ্গে রিপোর্ট করা অপর দুই বিডিআর সৈনিককেও ১৫ দিন ও দেড়মাস করে ছুটি দেয়া হয় বলে ফারুক জানালেন।
রাতেও সিপাহীদের যোগদান প্রক্রিয়া চলছে তবে আবাহনী মাঠে জড়ো হওয়া তবে সন্ধ্যা পর্যন্ত ইউনিফর্ম বিহীন বিডিআর সদস্যদের নাম তালিকাভুক্তি শুরু হয়নি।
শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, নিজ কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না হলে বিডিআর সদরদপ্তর, নিকটস্থ সেক্টর সদরদপ্তর, ব্যাটালিয়ন সদরদপ্তর বা নিকটস্থ থানায় রিপোর্ট করার সুযোগ পাবেন এসব বিডিআর সদস্য।
প্রেসনোটে আরো বলা হয়, "এ সময়সীমার মধ্যে রিপোর্ট করতে বা কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শনিবার দুপুরে সরকারের ওই ঘোষণার পর বিকেল থেকে বেশ কিছু বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করতে আসেন।
এরপর রোববার সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে ভিড় করতে থাকে শত শত বিডিআর সদস্য।
গত বুধবার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এলএইচ/এজে/জিএনএ/এইচএ/২০৫৪ঘ.
bdnews24