আরশাদ মাহমুদ, ওয়াশিংটন প্রতিবেদক, বিডিনিউজ ২৪ ডটকম
ওয়াশিংটন, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে শনিবার রাতে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেছেন গ্রেটার ওয়াশিংটনের শোকাহত প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশী-আমেরিকানরা।
নিরপেক্ষ ও নির্দলীয় কমিশন গঠন করে এ ঘটনার তদন্ত ও দোষীদের বিচার করার জন্যও তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
ই-মেইলে শোক পালনের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এতে সাড়া দিয়ে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড থেকে জর্জ ম্যাসন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সমবেত হয় নানা বয়সের নারী, পুরুষ ও শিশু। ওয়াশিংটনের ঠিক বাহিরে ইউনিভার্সিটিটি অবস্থিত।
প্রায় সবার চোখে-মুখে ছিল শোকের ছায়া। সেই সঙ্গে ফুটে উঠেছিল বিস্ময়েরও ছাপ। "তারা কিভাবে এমন বর্বরের মতো কাজ করতে পারল," বিস্ময় ঝড়ে পড়লো ভার্জিনিয়ার বাসিন্দা ন্যান্সি কামালের গলা থেকে।
উপস্থিত বেশির ভাগেরই প্রতিক্রিয়া ছিল ন্যান্সি কামালের মতো। তবে তারা একথাও স্বীকার করেন যে, সত্যিকার অর্থেই বিডিআর সদস্যদের মধ্যে ক্ষোভের যথেষ্ট কারণ থাকতে পারে। কিন্তু যেভাবে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তা কখনোই মেনে নেওয়া যায় না বলেও তারা মত দেন।
বিশেষ করে, এই হত্যাযজ্ঞের কবল থেকে পরিবারের লোকজন রেহাই না পাওয়ায় শোক পালনকারীরা মানসিকভাবে আঘাত পেয়েছেন সবচেয়ে বেশি।
হতাহতদের পরিবারের সদস্যদের তারা গভীর সমবেদনা জানান। সে সময় নিহত কয়েকজন সেনা কর্মকর্তার নামও পড়ে শোনানো হয়।
এহসান হক, আতিয়া মাহজাবিন নিতু এবং ওয়াহেদ হোসাইনিসহ বেশ কয়েকজন গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন।
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে এ শোক-অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পড়ান ভার্জিনিয়ার বহুদিনের বাসিন্দা ওয়াহেদ হোসাইনি।
মোনাজাতের আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এ সময় বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর দলছুট একটি অংশের নির্বোধ সহিংসতার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব সর্ব সম্মতভাবে গ্রহণ করা হয়।
প্রস্তাবে একটি নিরপেক্ষ ও নির্দলীয় কমিশন গঠন করে এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার করার জন্য জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। শক্তি প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাজনৈতিক নেতৃবৃন্দেরও উদ্যোগেরও প্রশংসা করা হয় প্রস্তাবে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রস্তাবে বাংলাদেশ সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এএম/আরএএইচ/এজে/টিআর/১৬৪৭ ঘ.
bdnews24