ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- ৪০ জন বিডিআর সদস্য রোববার বিকেল সাড়ে চারটার দিকে পিলখানার সদরদপ্তরে ঢুকেছে। প্রধান ফটকে রিপোর্ট করে তারা ভেতরে ঢোকে।
রিপোর্ট করার জন্য সদরদপ্তরের প্রধান ফটকের সামনে এবং ধানমণ্ডির আবাহনী মাঠে অপেক্ষায় করছেন আরও কয়েক হাজার বিডিআর সদস্য।
শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, নিজ কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না হলে বিডিআর সদরদপ্তর, নিকটস্থ সেক্টর সদরদপ্তর, ব্যাটালিয়ান সদরদপ্তর বা নিকটস্থ থানায় রিপোর্ট করার সুযোগ পাবেন এসব বিডিআর সদস্য।
প্রেসনোটে আরো বলা হয়, "এ সময়সীমার মধ্যে রিপোর্ট করতে বা কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শনিবার দুপুরে সরকারের ওই ঘোষণার পর বিকেল থেকে বেশ কিছু বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করতে আসেন।
এরপর রোববার সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে ভিড় করতে থাকে শত শত বিডিআর সদস্য।
গত বুধবার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এলএইচ/এজে/জিএনএ/১৭০১ ঘ.
bdnews24