রাজশাহী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সাত জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ মো. মোতাজিদুর রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- তরিকুল ইসলাম, শফিউল্লা, আবু ইসা, হাসান আলী, জাহাঙ্গীর আলম, আরিফ ও এনামুল হক মনি। রায় ঘোষণার সময় এনামুল হক মনি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিল।
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী বোমা হামলার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে পৃথক দু'টি বোমা হামলা চালানো হয়।
এ ঘটনায় মতিহার থানার তখনকার উপ-পরিদর্শক (এসআই) খাতের আলী বিষ্ফোরক আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে ২০০৬ সালের ৩ জুন সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24