ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকজন অর্থনীতিবিদ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃষিভূমি ও জলা সংস্কার কমিশন করার জন্য প্রস্তাব দিয়েছেন।
প্রধানমন্ত্রীও তাদের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন বলে সাক্ষাতকারীদের একজন পরে সাংবাদিকদের জানান।
শেখ হাসিনা ওই অর্থনীতিবিদদের জানিয়েছেন, জাতীয় সংসদে এবং দলের মধ্যে আলোচনা করে তার সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক শামসুল হুদা, অধ্যাপক এম এম আকাশ এবং খুশী কবীর রোববার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে সাক্ষাত করেন।
এক ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আবুল বারকাত সাংবাদিকদের বলেন, "ভূমি ও জলা সংস্কার ছাড়া দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। দেশের এক-তৃতীয়াংশ মানুষের নিজের কোনো বাসস্থান নেই।"
বারকাত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ভূমি সংস্কার কমিশন গঠন এবং খাস জমি ও জলা দরিদ্র মানুষ ও জেলেদের মধ্যে বন্টনের প্রতিশ্র"তির কথা এ সময় উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৪৩ঘ.
bdnews24