খুলনা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে খুলনার বটিয়াঘাটার নয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার এজাহারে নয় আসামিকে 'রাজাকার' হিসেবে উল্লেখ করা হয়।
প্রধান বিচারিক হাকিম মো. আবু ইব্রাহিম রোববার অভিযোগ গ্রহণ সংক্রান্ত শুনানি শেষে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই আদেশ দেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশের কাগজপত্র এখনও থানায় এসে পৌঁছেনি। কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গোলদার বাদী হয়ে গত ১১ মার্চ আদালতে মামলাটি দাখিল করেন। এরপর দিন ১২ মার্চ আদালত শুনানি করে অভিযোগ গ্রহণের দিন ধার্য করেন ২২ মার্চ রোববার।
আসামিরা হলেন- রফিকুল মোড়ল (৭০), বেলায়েত মোড়ল (৬৮), মোস্তফা মোল্লা (৭৫), মহর শেখ (৬০), আশরাফ আলী শেখ (৬৫), গফ্ফার গোলদার (৬৯), আ. হাকিম (৬৭), রজ্জব আলী সরদার (৭৭), কারবালা সরদার (৬৩)।
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সকালে আসামিরা রাইফেল ও বন্দুক নিয়ে বাদীর বাড়িতে আসে। এরপর কথিত রাজাকার রফিকুল মোড়ল মোসলেম গোলদারকে ধরে আনার হুকুম দেয়। তখন সঙ্গে থাকা অন্য রাজাকার সদস্যরা মোসলেম গোলদারকে ধরে স্থানীয় ফুলবাড়ী কাউন্সিল মাঠে নিয়ে যায়। সেখানে রফিকুল মোড়ল বন্দুক দিয়ে মোসলেম গোলদারের বুকে একাধিক গুলি চালায়। মোসলেম গোলদার মাটিতে লুটিয়ে পড়লে আশরাফ আলী শেখ ছুরি দিয়ে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় আব্দুল হাকিম ও রজ্জব আলী সরদার কুড়াল দিয়ে মোসলেম সরদারের দু'পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে তারা লাশ বস্তায় ভরে নিয়ে যায়।
এই মামলায় আট সাক্ষী হলেন- খোদেজা বেগম, রউফ গোলদার, জোনা মোল্লা, সামাদ শেখ, রাশিদা বেগম, জামেলা বেগম, লতিফ শেখ ও আবু বকর সিদ্দিক।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন কাজী বাদশা মিয়া এবং আসামি পক্ষে ছিলেন লিয়াকত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৭ঘ.
bdnews24