মাদারীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়ে হিজবুত তাহির নামের কথিত ইসলামপন্থী জঙ্গি সংগঠনের নামে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত আলী, কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, পশুসম্পদ কর্মকর্তা ডা. বরুণ দত্ত, শিক্ষা কর্মকর্তা রওশন আলী ও সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুজ্জামানের মোবাইল ফোনে এ বার্তা পাঠানো হয়।
পশুসম্পদ কর্মকর্তা ডা. বরুণ দত্ত সোমবার শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ১১ মার্চ থেকে একের পর এক তাদের মোবাইল ফোনে বার্তাটি আসে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, ০১৯২৩৭৭১৫৭৬ নম্বরের মোবাইল ফোন থেকে ইংরেজিতে লেখা 'নিষিদ্ধ দ্রব্য (মদ, নারী) ছাড়, তা না হলে কাফনের কাপড় কিনে রাখ'- এ বার্তাটি এসেছে। বার্তায় হিজবুত তাহির এর নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ফোনে জঙ্গি সংগঠনের নামে হুমকি দিয়ে বার্তা পাঠানোর বিষয়টি উদ্বেগজনক। কর্মকর্তারা ভয়ভীতির মধ্যে আছেন। এ ব্যাপরে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।"
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24