অবজারভারের নিভু নিভু প্রাণ
‘পত্রিকাটি হয়ত আর বের করাই হবে না’- ৭৮ মাস বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত ৬০ বছরের পুরনো ইংরেজি দৈনিকটির প্রথম পাতায় সাংবাদিক-কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবর প্রকাশিত একটি আবেদনের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে এরকম মন্তব্য বেরিয়ে এলো পত্রিকাটির পরিচালনা পর্ষদের বর্তমান সদস্য এবং এর প্রতিষ্ঠাতা প্রয়াত হামিদুল হক চৌধুরীর ছেলে খালেদ হামিদুল হক চৌধুরীর মুখ থেকে।
পত্রিকাটির দীর্ঘদিনের পুঁঞ্জিভূত সমস্যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানকালে পত্রিকাটির সাংবদিক-কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অভিযোগ করেছেন, মালিকপক্ষে প্রয়াত ডানপন্থী হামিদুল হক পুত্রের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ইউনিয়নের নেতা ইকবাল সোবহান চৌধুরীর যোগসাজশের পরিণামই দৈনিকটির আজকের হালের জন্য দায়ী। এতে মালিকপক্ষের অন্যান্যদেরও দায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে করা একটি মামলার পরিণতিতে আদালতের নির্দেশের পর একটি নিরীক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দেখিয়েছে, প্রতিষ্ঠানটিতে ২০০৭ সালের শেষে ১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার নগদ টাকা জমা রয়েছে এবং (অ্যাকাউন্ট পেয়ি) চেকের মাধ্যমে ব্যাংকে জমা আছে ১১ কোটি ১১ লাখ টাকা।
এই পরিমাণ টাকা থাকার পরও সাংবাদিক কর্মচারীদের বেতন হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।
অবজারভারের প্রকাশনা প্রতিষ্ঠান আলÑহেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিং কোম্পানির চেয়ারম্যান এবং হামিদুল হক চৌধুরীর জামাতা মঞ্জুর আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯১ সাল থেকে আমাদেরকে তো সেখানে যেতেই দেয় না অবজারভারের সাংবাদিক কর্মচারীরা। প্রতিষ্ঠানে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তারাই চালাচ্ছে, তারাই সব করছে।”
এব্যাপারে ইউনিয়ন নেতা ও পত্রিকাটির সম্পাদক হিসেবে পরিচিত ইকবাল সোবহান চৌধুরী বলেন, “মালিকরা আমাদের বেতন ভাতা দেয়নি। তাই বকেয়া বেতন ভাতার দাবিতে আমরা পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছি। যতদিন নগট অর্থের প্রবাহ ভালো ছিল ততদিন আমরা সাংবাদিক-কর্মচারীরা বেতন পেয়েছি।”
এই পরিস্থিতিতে অবজারভার ছেড়ে যাওয়া এক সাংবাদিক জানিয়েছেন, ‘একটি গোষ্ঠী’ সমস্যার সমাধান করতে দিচ্ছে না। তার অভিযোগ, সাংবাদিক কর্মচারীদের দীর্ঘদিন বেতন না হলেও এ অবস্থা থেকে ‘তারা’ লাভবান হচ্ছে।
সংকট শুরুর কাল ১৯৯১
চতুর্থ ওয়েজবোর্ড বাস্তবায়ন, চাকুরিচ্যুত করা বা চাকরি ছেড়ে দেওয়ার পর পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ১৯৯১ সালে সাংবাদিক-কর্মচারীরা আন্দোলন শুরু করে।
সম্প্রতি অবজারভারের সাংবাদিক ও কর্মচারীদের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে এক আবেদনে বলা হয়েছে, “১৯৯১ সালে বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন না করে মালিকপক্ষ বাংলাদেশ অবজারভার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।”
এরপর তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা দুই পক্ষের মধ্যে একটি মধ্যস্ততা করেন। এতে মালিকপক্ষকে পাঁচ কোটির বকেয়া বেতন ভাতা পরিশোধ করে দেওয়ার কথা বলা হয়। বৈঠকে মালিকদের পক্ষে মঞ্জুর আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।
কিন্তু পরে ওই টাকা পরিশোধ না করার কারণে বকেয়া পাওয়ার আশায় সাংবাদিকরা পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখে বলে দাবি করেন ইকবাল সোবহান চৌধুরী।
এ বিষয়ে মঞ্জুর আহমেদকে জিজ্ঞেস করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই খসড়া চুক্তিতে নাজমুল হুদার নামে চেক হস্তান্তরের কথা ছিল। তাছাড়া পরিচালকরা এটি অনুমোদন না করায় তখনকার চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী টাকা দিতে রাজী হননি।”
অভিযোগের আঙ্গুল খালেদ হামিদুল ও ইকবাল সোবহানের দিকে
’৯১ সালে ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ অবজারভারের সিনিয়র প্রতিবেদক ছিলেন। তখন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেএমএ মুনিম। সাংবাদিক-কর্মচারীরা অবজারভার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ইকবাল সোবহানই হয়ে ওঠেন প্রধান নেতা।
এর আগেই ১৯৯০ সালের নভেম্বরে বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়নের নেতা রিয়াজউদ্দিন আহমেদসহ এক ডজনেরও বেশি সাংবাদিক প্রকাশের অপেক্ষায় থাকা ডেইলি স্টারে যোগ দেন।
এর আগে ১৯৮৯ সালে কয়েক মাসের জন্য অবজারভার সম্পাদকের দায়িত্ব পালনকারী এস এম আলী খালেদ হামিদুল হক চৌধুরীর দুর্ব্যবহারের কারণে পত্রিকাটি ত্যাগ করে ডেইলি স্টার প্রকাশের উদ্যোগ নেন।
সাংবাদিক ইউনিয়নের এক অংশের নেতা রিয়াজউদ্দিনের অবজারভার ত্যাগ আরেক অংশের নেতা ইকবাল সোবহান চৌধুরীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ করে দেয়।
প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন বলেন, “১৯৯১ সালের পর থেকে পত্রিকা মূলত ইবকাল সোবহান চৌধুরীর নেতৃত্বেই চলছে। ১৯৯১ সালে আন্দোলনের সময় মালিকপক্ষ কেটি হোসেনকে সম্পাদক নিয়োগ করলে আমরা তা মেনে নেইনি।”
পরে কেটি হোসেনকে সরিয়ে দিতে হয়। প্রতিষ্ঠাতা হামিদুল হক চৌধুরীর হাত থেকে পত্রিকা পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে নেন ইকবাল সমর্থকরা।
১৯৯২ সালের জানুয়ারিতে মারা যান হামিদুল হক চৌধুরী। এরপর অবজারভারে মালিকপক্ষের ‘কর্তৃত্বশীল’ প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন তার একমাত্র ছেলে খালেদ হামিদুল হক চৌধুরী।
খালেদ হামিদুল হককে ইকবাল সোবহান চৌধুরীরাই অবজারভারে নিয়ে আসেন বলে সেখানকার কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন। খালেদকে অনেকটা ঢাল হিসেবে ব্যবহার করে প্রয়াত প্রতিষ্ঠাতার মেয়ে ও জামাইদের অবজারভারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। যদিও মেয়েরা প্রতিষ্ঠানটির প্রায় অর্ধেক সম্পদের মালিক।
একজন পরিচালক হলেও অবজারভারের সম্পাদক নিয়োগ থেকে শুরু করে সব কাজই শুরু করেন খালেদ। কেএমএ মুনিমকে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক এবং পরে প্রধান সম্পাদক করেন। ১৯৯৮ সালে এক অফিস আদেশে ইকবাল সোবহান চৌধুরীকে সম্পাদক বানান তিনি।
তবে বিষয়টি মানতে রাজী নন মঞ্জুর আহমেদ চৌধুরী। ইকবাল সোবহানের কোনও নিয়োগপত্র নেই -এমন দাবি করে তিনি প্রশ্ন তোলেন, “পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া সম্পাদক নিয়োগ কীভাবে সম্ভব?”
ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য, “এটা আমার কাছে বিতর্কের বিষয় নয়। একজন পরিচালক আমাকে চিঠি দিয়ে নিয়োগ দিয়েছেন এটাই যথেষ্ট।”
অবজারভারে কর্মরত একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৯১ থেকে ’৯৮ সাল পর্যন্ত ভালই চললো। এরপর থেকে দুরবস্থা শুরু হলো। ধীরে ধীরে বকেয়া পড়তে শুরু করলো। ২০০২ এর অক্টোবর থেকে বেতন হওয়াই বন্ধ হয়ে গেল।”
খালেদ চৌধুরীর অবজারভারের কর্তৃত্ব নিয়ে ঢাকার আদালতে তার বোনেরা একটি পিটিশন করেন বলেও জানান মঞ্জুর চৌধুরী।
নিজের সম্পাদক পদ নিয়ে বিতর্ক থাকলেও ইকবাল সোবহান চৌধুরীই অবজারভারে সাংবাদিকদের নিয়োগপত্র দেন।
নিরীক্ষা প্রতিবেদন
আদালতের নির্দেশে আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিংয়ে ২০০৮ সালে একটি নিরীক্ষা হয়। নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, ১ জানুয়ারি ১৯৯২ থেকে থেকে ৩১ ডিসেম্বর ২০০৭ সাল পর্যন্ত অবজারভার ও চিত্রালীর ২৫৯ জন সাংবাদিক-কর্মচারীর পাওনা টাকার পরিমান ২৬ কোটি ২৪ লাখ ৬৮ হাজার টাকা।
প্রতিবেদনে বলা হচ্ছে, এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে নগদ টাকা হিসেবে ১৩০ কোটি এবং (অ্যাকাউন্ট পেয়ি) চেক হিসেবে ২১ কোটি ৯১ লাখ টাকা এসেছে। এসময়ে চেক থেকে খরচ হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার এবং নগদ টাকা খরচ হয়েছে ১২৮ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার টাকা। নগদ টাকার মধ্যে ব্যবসায় অপারেশনে খরচ হয়েছে ৮৯ কোটি ৮৫ লাখ টাকা, অ্যাডভান্স সাসপেন্সে ১৮ কোটি ৬২ লাখ এবং অন্যান্য খরচ হয়েছে ৩১ কোটি ১০ লাখ টাকা।
২০০২ সালের অক্টোবর থেকে বেতন বকেয়া হওয়া শুরু হয়। অথচ ২০০২ থেকে ২০০৭ সালে ক্যাশ হিসেবে ৩৬ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ১৯২ টাকা এসেছে বলে নিরীক্ষায় বলা হচ্ছে। এছাড়া ২০০৭ সালের শেষে ১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকা ক্যাশে জমা ছিল।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আদালতের নির্দেশেই নিরীক্ষা করায় আমরা এটা মেনে নিয়ে আমাদের বকেয়া পরিশোধ করে দিতে বলেছি।”
কিন্তু মঞ্জুর আহমেদ বলছেন, “আদালতে বলেছি, এ নিরীক্ষা আমরা মানি না। কারণ নিরীক্ষায় বলা হয়েছে, ইউনিয়ন নেতৃত্বাধীন ব্যবস্থাপনার দেওয়া তথ্য অনুযায়ী এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখানে মালিকদের কোনও নিয়ন্ত্রণ নেই।”
প্রবীন এক সাংবাদিকের প্রশ্ন, ২০০৭ সাল শেষে যদি ক্যাশে এক কোটি ৭৬ লাখ টাকা জমা থাকে, তাহলে বেতন হচ্ছে না কেন?
এ ব্যাপারে ইকবাল সোবহান চৌধুরী বলেন, “যতদিন ক্যাশ ফ্লো ভালো ছিল ততদিন সাংবাদিকদের বেতন হয়েছে। ক্যাশ ফ্লো কমে যাওয়ায় বকেয়া শুরু হয়েছে।”
নিরীক্ষা প্রতিবেদনে খরচের হিসাব দেখানো হয়েছে এবং অর্থ আত্মসাতের কোনও অভিযোগ আনা হয়নি বলেও তিনি দাবি করেন।
এদিকে মঞ্জুর আহমেদ দাবি করেন, “প্রতিষ্ঠানের নামে আসা কোনও অর্থই কর্মচারীরা খরচ করতে এবং প্রতিষ্ঠানের কর্তৃত্বভার তারা গ্রহণ করতে পারে না। একারণেই এতদিন ধরে আসা অর্থের খরচের দায়ভার কাউকে না কাউকে নিতে হবে।”
এদিকে চেকের মাধ্যমে ব্যাংকে যাওয়া অর্থ ১৯৯২ সাল থেকে ২০০৩ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ব্যবহার করা যায়নি বলে মঞ্জুর আহমেদ জানান। এরপর অ্যাকাউন্ট চালু হলে অবজারভার ভবনের নামে ঋণ এবং কর পরিশোধ করতে টাকা শেষ হয়ে গেছে বলেও তিনি জানান।
অথচ নিরীক্ষা প্রতিবেদনে ২০০৭ সাল শেষে ব্যাংকে জমা টাকার পরিমাণ দেখানো হয়েছে ১১ কোটি ১১ লাখ টাকা।
২০০৭ সালে অবজারভার ছেড়ে আসা জাহিদ-আল আমিন নামে এক প্রতিবেদক বললেন, “একটি গোষ্ঠী অবজারভার সমস্যার সমাধান করতে দিচ্ছে না। কারণ সাংবাদিকরা বেতন না পেলেও এ অবস্থা থেকে তারা লাভবান হচ্ছে। এ গোষ্ঠীর মধ্যে অবজারভারের ভেতরে ও বাইরে দু জায়গারই লোক রয়েছে।”
ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন অবজারভারে যোগ দিয়েছিলেন ১৯৭১ সালে এবং সিনিয়র অর্থনৈতিক প্রতিবেদক থাকাকালে ১৯৮৭ সালে পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছেড়ে আসার পর আমরা ১৭ বছর কাজ করার গ্র্যাচুইটি ও অবসরকালীন ভাতা পাইনি।”
খোলা চিঠি
১৯ নভেম্বর ২০০৪ সালে মঞ্জুর আহমেদ চৌধুরী এক খোলা চিঠিতে অবজারভারের সাংবাদিকদের একটি চুক্তি স্বাক্ষরের জন্য আহ্বান জানান। এতে তিনি সাংবাদিক কর্মচারীদের তিন মাসের বেতন পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে কিছুসংখ্যক কর্মচারীকে বকেয়া বেতনের ৫০ শতাংশ পরিশোধ করার আশ্বাস দেন । ১৬১ জন সাংবাদিকÑকর্মচারী ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
কিন্তু তারপরও বেতন পরিশোধ করা হয়নি জানিয়ে একজন সিনিয়র সাংবাদিক বলেন, “মালিকপক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয় কিন্তু কখনোই তা বাস্তবায়ন করা হয় না।”
এ ব্যাপারে মঞ্জুর চৌধুরী বলেন, “চুক্তি স্বাক্ষরের পর আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু তারপরই সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে মামলা শুরু করলো।”
২০০৫ সালে ঢাকার শ্রম আদালতে মালিকদের বিরুদ্ধে ১৪৪ টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৪২টির ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
বেতন না পেলে চাকরি করছেন কীভাবে?
অবজারভার প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন বললেন, “গত ৭৮ মাস আমরা কোনও বেতনই পাচ্ছি না।” তাহলে চলছেন কীভাবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই মাঝে মধ্যে কিছু কিছু পাই।”
ইকবাল সোবহান চৌধুরী প্রায় একই কথা বললেন, “৭৮ মাস ধরে আমাদের বেতন বাকী রয়েছে। মাঝে মধ্যে কিছু পাই। সব মিলিয়ে ৭৮ মাস বাকী।”
ইকবাল সোবহান চৌধুরী গত সংসদ নির্বাচনে ফেনীÑ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
৭৮ মাস বেতন না পেলেও নির্বাচন কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে উল্লেখ করেছেন তার বার্ষিক আয় ৪ লাখ ৩১ হাজার ১৬০ টাকা। মোট নির্বাচনী ব্যয় ধরেছিলেন সাড়ে ১৩ লাখ টাকা। এরমধ্যে নিজের আয় থেকে ৩ লাখ টাকা এবং বাকীটা আত্মীয় স্বজনের কাছ থেকে।
এছাড়া কমিশনে জমা দেওয়া তার স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, রাজধানীর নিকুঞ্জে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩ কাঠার প্লটে একটি নির্মানাধীন বাড়ী, নগদ ২ লাখ টাকা, ৯ লাখ টাকার একটি কার, ৬০ ভরি সোনা, ১ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক ও আসবাবপত্র, ২ লাখ ৬০ হাজার টাকা মুল্যের যৌথ মালিকানাধীন জমি প্রভৃতি।
মালিকদের মধ্যে বিভেদ
মঞ্জুর হোসেন চৌধুরীর দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিংয়ে চারজন পরিচালক রয়েছেন। এরমধ্যে হামিদুল হক চৌধুরীর দুই মেয়ে নাজমা আলী এবং নারগিস রহমান রয়েছেন। নারগিস রহমান বর্তমানে অবজারভারের প্রকাশক।
মঞ্জুর বলেন, “আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিং কোম্পানির মোট শেয়ারের পরিমান ১৬৫০টি। এরমধ্যে ৬৫২টি হামিদুল হক চৌধুরীর নামে, ৮০০টির বেশি তার সাত মেয়ের নামে এবং ১৭০টি খালেদ হামিদুল হকের নামে।”
নিজের নামে ১০ থেকে ১৫টি শেয়ার রয়েছে বলে জানান মঞ্জুর।
তিনি স্বীকার করলেন, মালিকদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। এ অভাবের কারণে ২০০৩ সালের পর পরিচালনা পর্ষদের কোনও বৈঠক হয়নি বলেও তিনি জানান।
আর আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্সের শেয়ার হোল্ডারদের মধ্যে সুসম্পর্ক নেই বলে প্রতিষ্ঠানটি বিক্রি করাও সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
অবজারভারে কর্মরত সাংবাদিক কত
ইকবাল সোবহান চৌধুরী বলছেন, গত ৭৮ মাস ধরে ১৩০ থেকে ১৪০ জনের টাকা বকেয়া রয়েছে। অথচ অবজারভারে সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারী মিলিয়ে নিয়মিতভাবে ২০ থেকে ২৫ কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনেকে পদত্যাগ পত্র না দিয়ে অথবা ছুটি না নিয়ে অন্য চাকরি করছেন। অথচ বলছেন, তারা অবজারভারে কাজ করেন।
প্রধানমন্ত্রীর সাহায্য কামনা
অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আমাদের বেতন ভাতা পরিশোধ করে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। এটা সম্ভব না হলে সরকার একজন প্রশাসক নিয়োগ করে অবজারভার চালানোর দায়িত্ব দিতে পারে।”
আর মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য, “একমাত্র আইনের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।”
অতীত
১৯৪৯ সালে বাংলাদেশ অবজারভার প্রকাশ করেন হামিদুল হক চৌধুরী। এটির তখন নাম ছিল পাকিস্তান অবজারভার। ভাষা আন্দোলন প্রদেশিক স্বায়ত্বশাসনের পক্ষে পত্রিকাটি জোরালো অবস্থান নেওয়ার কারণে ১৯৫২ সালে পত্রিকাটির প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেমসয় এর সম্পাদক আব্দুস সালাম ও প্রকাশককে গ্রেফতার করা হয়।
১৯৫৪ সালে এটি আবার প্রকাশের অনুমতি পায়। পুর্ববাংলার স্বায়ত্বশাসন চাওয়ায় ১৯৬০ সালে পত্রিকাটিকে কালো তালিকাভূক্ত করে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়।
১৯৭১ সালের ডিসেম্বরে এটি বাংলাদেশ অবজারভার হিসেবে প্রকাশিত হয়। ১৯৭২ সালে এর দায়িত্বভার গ্রহণ করে সরকার। ১৯৮৪ সালে অবজারভারের মালিকানা হামিদুল হক চৌধুরীকে ফিরিয়ে দেন হুসেইন মোহাম্মদ এরশাদ।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আল-হেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিং থেকে পাঁচটি পত্রিকা প্রকাশিত হতো। এগুলো হলো, দৈনিক ওয়াতান (উর্দু), দৈনিক পাকিস্তান অবজারভার (ইংরেজী), দৈনিক পুর্বদেশ (বাংলা), সাপ্তাহিক চিত্রালী (উর্দু) ও সাপ্তাহিক চিত্রালী (বাংলা)।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ অবজারভার, পুর্বদেশ ও সাপ্তাহিক চিত্রালি (বাংলা) প্রকাশিত হতে শুরু করে। ’৭২ সালে আল হেলাল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্সের দায়িত্বভার সরকার গ্রহন করে। পরে বাকশাল গঠন করে চারটি ছাড়া বাকী সংবাদপত্র বন্ধ করে দিলে পুর্বদেশ ও চিত্রালী বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে চিত্রালী আবার প্রকাশিত হয়। ১৯৯১ সালের পর থেকে এটি অনিয়মিত হয়ে পড়ে এবং ২০০৫ সালে বন্ধ হয়ে যায়।
