ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান প্রাণগোপাল দত্ত শেখ হাসিনার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক।
মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম আনিসুল হক ও নিওন্যাটালজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহকে উপ-উপাচার্য এবং শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও সরকারের চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ডা. চৌধুরী আলী কাউসার, মোহাম্মদ কামাল এবং কোষাধ্যক্ষ রুহুল আমিন মিয়া একসঙ্গে পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে স্বাক্ষর করে অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "সরকার সমর্থক চিকিৎসকরা আমার কাছে বিভিন্ন দাবি জানিয়েছিল। বিধিসম্মত না হওয়ায় আমি বলে দিয়েছিলাম আমি এগুলো মানতে পারবো না। নিয়মের মধ্যে থেকে এগুলো মানা সম্ভব ছিল না।"
এ মাসের প্রথম দিকে স্বাচিপপন্থীরা ৩০ জনের তালিকা নিয়ে অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি তোলেন। এ সময় তারা উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকও তাকে টেলিফোনে পদত্যাগের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৫১ঘ.
bdnews24