ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ সদস্য মাওলানা শেখ আব্দুস সালামকে চার দিনের জন্য সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।
মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
সিআইডি পরিদর্শক মতিয়ার রহমান আব্দুস সালামকে মুখ্য মহানগর হাকিমের এজলাসে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন সময় চান।
জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, আব্দুস সালাম ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক। তিনি বগুড়ার ফাতেমা তুজ্জোহরা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। র্যাব গত সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে।
আব্দুস সালামকে নিয়ে এ মামলায় হুজি প্রধান মুফতি হান্নানসহ ১৪ জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হলো।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় ৬ জন নিহত ও বেশ কয়েক জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২০৩৩ঘ.
bdnews24