২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও কিশোরগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

বরিশাল ও কিশোরগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এর মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে সোমবার রাতে গণপিটুনীতে আহত হয় মঞ্জুর সরদার (২৮) নামের এক ডাকাত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ বলেছে, তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

বরিশাল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও কিশোরগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এর মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে সোমবার রাতে গণপিটুনীতে আহত হয় মঞ্জুর সরদার (২৮) নামের এক ডাকাত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ বলেছে, তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সোমবার রাতে ডাকাতির সময় ধরা পড়া ডাকাত জামাল (৩৫) গণপিটুনিতে আহত হয়। জনতা তার একটি পা কেটেও বিচ্ছিন্ন করে ফেলে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: গণপিটুনিতে নিহত মঞ্জু পাশ্ববর্তী গৌরনদী উপজেলার মাগুরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাকির হোসেন বলেন, তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৩ টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল উপজেলার ভাল্লুকশী গ্রামের আব্দুল হাকিম কাজীর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। সবাই পালাতে সক্ষম হলেও ধরা পড়ে মঞ্জু। এলাকাবাসী তাকে গণপিটুনী দিয়ে আগৈলঝাড়া পুলিশের কাছে সোপর্দ করে। আহত মঞ্জুকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। কিশোরগঞ্জ: সোমবার রাত ২টার দিকে নিকলী উপজেলার আঠারবাড়িয়া গ্রামের সাহের উদ্দিনের বাড়িতে জামালের নেতৃত্বে ২০/২৫ জনের একটি ডাকাল দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গৃহকর্তা সাহের উদ্দিন (৫০), তার স্ত্রী আহলাদি বেগম (৪৫), ছেলে আমিরুল (২৫) ও জামাতা মানিক (২৫) গুরুতর আহত হন। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। জামাল জনতার হাতে ধরা পড়ে। অন্যরা পালিয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা জামালকে বেদম পিটুনি দেয় এবং তার একটি পা কেটে বিছিন্ন করে ফেলে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ জামালকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার দুপুর ১টার দিকে জামালের মৃত্যু হয়। তার বাড়ি বাজিতপুর উপজেলার জোয়ারকান্দি গ্রামে। ডাকাতদের হামলায় আহত সাহের উদ্দিনসহ পরিবারের চারজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাহের উদ্দিন নিকলী থানায় একটি ডাকাতির মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.