ঢাকা,মার্চ ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২৭তম বিসিএসে উত্তীর্ণ আরো নয় প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের (সহকারি কমিশনার) দু'জন হচ্ছেন- ইফফাত ইয়াসমিন মান্নান ও শাহে এলিদ মাইনুল আমিন।
স্বাস্থ্য ক্যাডারের (সহকারি সার্জন) ছয়জন হলেন, রুহিনা তাসমীন, ধীমান চৌধুরী, শাহাদাত হোসেন, মোহাম্মদ আশরাফুল হক মোল্লা, ইসরাত জাহান এবং কৌশিক দাশ গুপ্ত।
এছাড়া রেলওয়ে ক্যাডারে (সহকারি সঙ্কেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী) নিয়োগ পেয়েছেন রাজ্জাকুল হায়দার খান।
নিয়োগপ্রাপ্তদের আগামী ৮ এপ্রিল পূর্বাহ্নের মধ্যে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। কোনও কারণে নির্দেশনা না পেলে ৮ এপ্রিল সকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন কারণে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশি তদন্তসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় যথাসময়ে সম্পন্ন না হওয়ায় তাদের আগে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।
গত বছরের ২৩ সেপ্টেম্বর ২৭ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে কিছু বাদে প্রায় সবাই নভেম্বরে বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩২০ঘ.
bdnews24