নওগাঁ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তালা ঝোলানোর প্রতিবাদে বুধবার নওগাঁ-সান্তাহার মহাসড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রীরা।
আধা ঘন্টা পর পুলিশ এসে বিদ্যালয়ের তালা খুলে দিলে অবরোধ তুলে নেয়া হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয়ের সামনে একটি মার্কেটের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার রাতে বিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা এসে সবগুলো কক্ষ তালাবদ্ধ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা সকাল ১০টার দিকে তাজেরহাট মোড়ে সড়ক অবরোধ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ঘটনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ নওগাঁ পৌরসভার কাউন্সিলার হাসান ইসলাম তমালকে দায়ী করে। কিন্তু তমাল ওই বিরোধের সঙ্গে কোনভাবেই জড়িত নন বলে দাবি করেছেন।
এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদি হয়ে একটি জিডি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০১৪ ঘ.
bdnews24