ফরিদপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস নিয়ে কটুক্তি করায় বৃহস্পতিবার ফরিদপুরে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা।
বেলা ১১টার দিকে সদরপুর বাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা মহিউদ্দিন খান বলেন, "হঠাৎ করেই যুদ্ধাপরাধী ও রাজাকার কাদের সেখানে উপস্থিত হলে আমরা তাকে অনুষ্ঠানস্থল থেকে চলে যেতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন- 'কিসের স্বাধীনতা, কিসের স্বাধীনতা দিবস'।"
তার ওই বক্তব্যের পর উপস্থিত জনতা কাদের মোল্লাকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে বলেও জানান তিনি।
কাদের মোল্লার বাড়ি সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষুব্ধ জনগণ তাকে ধরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে জনতার হাত থেকে কোন রকমে নিজেকে রক্ষা করে দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যান এ জামায়াত নেতা।
জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় মানুষ কাদের মোল্লার গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাটি তারাও শুনেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
জামায়াত নেতা কাদের মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নূরুল ইসলাম মিন্টু নামে এক ব্যক্তি নিজেকে কাদেরের এপিএস পরিচয় দিয়ে বলেন, "স্যার লাঞ্ছিত হননি। কয়েকজন লোকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। তাছাড়া আমরা পালিয়ে আসিনি, এখন অন্য অনুষ্ঠানে ব্যস্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২০০৯ঘ.
bdnews24