২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরে বেবিচকে হাজার কোটি টাকার দুর্নীতি

বিএনপি-জামায়াত জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১১৩২ কোটি টাকার দুর্নীতি খুঁজে পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ২০০১ থেকে প্রতিষ্ঠানটির হিসাবের ব্যাপারে নিরীক্ষা বিভাগের বিভিন্ন আপত্তি যাচাই-বাছাই করা হলে এই অনিয়ম ধরা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১১৩২ কোটি টাকার দুর্নীতি খুঁজে পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ২০০১ থেকে প্রতিষ্ঠানটির হিসাবের ব্যাপারে নিরীক্ষা বিভাগের বিভিন্ন আপত্তি যাচাই-বাছাই করা হলে এই অনিয়ম ধরা পড়ে। কমিটির এক বৈঠকে বুধবার এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী ১০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে এসব দুর্নীতির বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর বৈঠকের পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি ভয়াবহ অবস্থা। এই টাকাগুলোর বিপরীতে কোন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। তাহলে এই টাকা গেল কোথায়?" কর্তৃপক্ষও এ অভিযোগের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি বলে জানান তিনি। মহিউদ্দিন খান আলমগীর আরও বলেন, "সময় স্বল্পতার কারণে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়নি। ১০ দিনের মধ্যে কর্তৃপক্ষের জবাব পাওয়া গেলে পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।" কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী নিশ্চিত করেছেন দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বেবিচক দুর্নীতিমুক্ত ছিল না বলে জানিয়েছেন কমিটির আরেক সদস্য বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে কর্তৃপক্ষ ২৫টি পদে ৭৭ জনকে নিয়োগ দেয়। এটিও একটি অনিয়ম।" বেবিচ কর্তৃপক্ষ বৈঠকে জানিয়েছে- গত আট বছরে নিরীক্ষা বিভাগ থেকে প্রায় ৮ শ' আপত্তি জানানো হয়েছিল। বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, এস কে আবু বাকের ও বজলুল হক হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এএল/এসকে/১৮৩৭ঘ.