ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২ এপ্রিলের উপ-নির্বাচনে ভোট গনণার সময় প্রতি প্রার্থীর তিন জন করে পোলিং এজেন্ট থাকার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, ভোটগ্রহণ শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গনণার সুবিধার্থে নির্বাচন কমিশন এর আগে একজন প্রার্থীর সর্বোচ্চ একজন পোলিং এজেন্ট রাখার নির্দেশনা দিয়েছিল। ভোট গণনা কার্যক্রম আরও স্বচ্ছ করার লক্ষে এবার প্রত্যেক প্রার্থীর তিন জন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
তবে ভোট গণনার সময় কেন্দ্রে প্রার্থী ও এজেন্ট দুজনই উপস্থিত থাকলে তাদের একজনকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।
ফরহাদ আহম্মদ খান জানান, বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী কোন কেন্দ্রের প্রতি ভোট কক্ষে প্রত্যেক প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট নিয়োগের বিধান রয়েছে। ২৯ ডিসেম্বরের নির্বাচনেও একজন করে পোলিং এজেন্ট ছিল।
এর আগে ২৪ মার্চ বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ভোট গণনার সময় প্রত্যেক প্রার্থীর একাধিক পোলিং এজেন্ট রাখার প্রস্তাবনা দেয়। একই সঙ্গে স্বচ্ছ ব্যালট বক্সের লক নম্বর এজেন্টদের জানানোর দাবি জানায় বিএনপি।
গত সংসদ ও উপজেলা নির্বাচনে প্রত্যেক প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকায় অনিয়ম হয়েছে অভিযোগ করে উপ-নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমকে আনোয়ার।
ফরহাদ আহম্মদ খান জানান, ভোট কক্ষে ব্যালট বাক্সের লক নম্বর (৫টি) ভোট গ্রহণের শুরুতে ও ভোট গ্রহণ শেষে পোলিং এজেন্টদের জানানো হবে এবং তা প্রিজাইডিং অফিসার লিপিবদ্ধ করে রাখবেন। এ বিষয়ে কারও আপত্তি থাকলে পরে রিটার্নিং কর্মকর্তার কাছে তা জানানো যাবে।
২ এপ্রিল ছয়টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হল বগুড়া-৬ ও ৭, কিশোরগঞ্জ-৬, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও ৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/০০৪০ঘ.
bdnews24