২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে খামারে বার্ড ফ্লু: ২৯৬টি মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর দিনাজপুরের বিরল উপজেলার খোদ শিবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে একটি খামারের ২৯৬টি মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

দিনাজপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর দিনাজপুরের বিরল উপজেলার খোদ শিবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে একটি খামারের ২৯৬টি মুরগি নিধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শিবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মুরগি খামারের ২২ দিন বয়সী ব্রয়লার জাতের এসব মুরগি নিধন করা হয় বলে পশুসম্পদ বিভাগ জানায়। জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. রেজাউর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ মার্চ উপজেলার শহরগ্রাম ইউনিয়নের খোদ শিবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের খামারে কয়েকটি মুরগি মারা যায়। মৃত মুরগির কয়েকটি নমুনা জয়পুরহাট আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হলে তারা তা ঢাকা পাঠায়। বৃহস্পতিবার ঢাকার পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয় মুরগিগুলো বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে। এ সংক্রান্ত একটি চিঠি দিনাজপুর জেলা প্রশাসক এবং আরেকটি চিঠি জেলা পশু সম্পদ কার্যালয়ে পাঠানো হয়। চিঠি পেয়েই আক্রান্ত মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, "বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ নিধন কাজ চালানো হয়।" এ সময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, ম্যাজিস্ট্রেট রাসেল হাসান সবুজ, বিরল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক, পশু চিকিৎসক আব্দুল কুদ্দুস ও সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা দেবাশীষ দাস উপস্থিত ছিলেন। দিনাজপুরে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে ২০০৬ সালে। ২০০৬ সালের ১৪ মার্চ থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত জেলায় বার্ড ফ্লু আক্রান্ত মোট ৪৬ হাজার ৬৪৪টি মুরগি, হাঁস ও কবুতর নিধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০২ ঘ.