২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার জঙ্গি 'হোতা' ফয়সালের গ্রেপ্তার নিয়ে রহস্য

ভোলায় মাদ্রাসার আড়ালে জঙ্গি ঘাঁটির কথিত প্রতিষ্ঠাতা ও অর্থ যোগানদাতা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়সাল মোস্তফাকে নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। কয়েকদিন আগে দেশি ও যুক্তরাজ্যের প্রচারমাধ্যমে তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ হলেও ঘটনাস্থলে অভিযানকারী বাহিনী র‌্যাব এখনো গ্রেপ্তারের কথা নিশ্চিত করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 07:00 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় মাদ্রাসার আড়ালে জঙ্গি ঘাঁটির কথিত প্রতিষ্ঠাতা ও অর্থ যোগানদাতা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়সাল মোস্তফাকে নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। কয়েকদিন আগে দেশি ও যুক্তরাজ্যের প্রচারমাধ্যমে তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ হলেও ঘটনাস্থলে অভিযানকারী বাহিনী র‌্যাব এখনো গ্রেপ্তারের কথা নিশ্চিত করেনি। এদিকে বাংলাদেশ ও যুক্তরাজ্যে আত্মীয় স্বজনরাও ফয়সালের কোনো খবর না পাওয়ায় এ নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। তবে ঘটনার সময় তার বাংলাদেশেই অবস্থানের বিষয়টি নিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত মামলায় ফয়সালকে কেন অভিযুক্ত করা হয়নি তার সরাসরি জবাব দেননি। একটি সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, "এখনো ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কে কোন দেশের নাগরিক, সেটি বিবেচ্য বিষয় হবে না।" লন্ডন থেকে প্রকাশিত বহুল প্রচারিত পত্রিকা 'দ্য টাইমস' র‌্যাবের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফয়সালকে একজন সহযোগীসহ গ্রেপ্তারের খবর দিয়েছে। কিন্তু র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজা নুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ফয়সালকে এখনো গ্রেপ্তার করতে পারিনি। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।" তিনি বলেন,"এই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করতে পারাটা তো আমাদের জন্যে সাফল্যের। তাকে গ্রেপ্তার করতে পারলে তা আমরা লুকিয়ে রাখব কেন? সেটি তো সবাইকে ডেকেই আমরা জানাতাম।" গত মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি গ্রামে প্রায় দুর্গের আদলে তৈরি গ্রিন ক্রিসেন্ট নামের একটি মাদ্রাসা ও এতিমখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বোমা তৈরির উপকরণ, জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কথিত জঙ্গি প্রশিক্ষক রাসেলসহ চারজনকে। র‌্যাব কর্মকর্তারা জানতে পেরেছেন, গ্রিন ক্রিসেন্ট নামের এ সংস্থার অর্থ যোগানদাতা ও কাজকর্ম দেখা তদারকি করেন ফয়সাল। ফয়সালের বাবা অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্ট গোলাম মোস্তফা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ফয়সালের আটক হওয়ার স্থান সম্পর্কে একাধিক রকমের কথা শুনেছেন। তবে ফয়সাল কোথা থেকে আটক হয়েছে নিশ্চিতভাবে না জানলেও তবে এটুকু তিনি নিশ্চিত যে 'কোন একটি পক্ষ' তাকে আটক করেছে। অন্যদিকে ফয়সালকে র‌্যাব অদৌ গ্রেপ্তার করেছে কিনা নিজে সে ব্যাপারে নিশ্চিত নন তার শ্বশুর শহিদুল হক নকিব চৌধুরি । শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফয়সলের অবসরপ্রাপ্ত এক কাষ্টমস্ কর্মকর্তা খালু আমাকে জানিয়েছেন, তাকে র‌্যাব গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে গাজীপুরের এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বা সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।" নকিব চৌধুরি জানান, অন্য এক আত্মীয় তাকে বলেছেন, কলাবাগানের এক বাসা থেকে ফয়সালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভোলার আলোচিত মাদ্রাসার জমিটি তারই দেওয়া জানিয়ে নকিব বলেন, "মেয়েকে এমনিই জমি দিতে চেয়েছিলাম। কিন্তু তারা কিনে নিল। সেখানে এতিমখানা বানানোর কথা।" শ্বশুর জানান, ফয়সল ১০/১২ দিন আগে বাংলাদেশে আসার পর একবারই তার সঙ্গে দেখা হয়েছে। ফয়সালের স্ত্রী সাবিনা মোস্তফা ইংল্যান্ডে থাকেন। তাদের এক মেয়ে এবং দুটি ছেলে রয়েছে। রাসেল জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানান, আটক রাসেলকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা ভোলার বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় জানান, জেআইসি কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন রাসেল। তিনি জানান, বাকি তিনজন- আবুল কালাম, আবদুল হামিদ ও জসিমকে বোরহানউদ্দিন থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার এ চারজনকে ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। র‌্যাব-৮ বরিশালের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৮ এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে বোরহানউদ্দিন থানায় পৃথক দু'টি মামলা করেন। গ্রেপ্তার হওয়া চারজনসহ মামলার মোট আসামি করা হয়েছে ১০ জনকে। বাকি আসামিরা হলেন- মুফতি মহিউদ্দিন, সাইফুদ্দিন বাদল, হুমায়ুন আহম্মেদ, হাসান সাইফুদ্দিন, ইউনুস শরীফ ও মিজানুর রহমান। বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ফয়সালকে আসামি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসআইটি/এমএসবি/এসকে/২৩৫৫ঘ.