২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশার নগরীতে প্রথম রিকশা উৎসব

'ওরে ও রিকশা অলা/ তুই ধীরে ধীরে চালা/ তোরে আমি কব মনের কত জ্বালা..' লালমাটিয়ার কলোনী মাঠে চলছে সাজ সাজ রিকশা উৎসব। আয়োজন থেকে একটু দূরে গাছতলার নিচে গুনগুনিয়ে গাইছেন কামাল হোসেন। উৎসব তাকে টানছে না, মাথায় তার অন্নচিন্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---'ওরে ও রিকশা অলা/ তুই ধীরে ধীরে চালা/ তোরে আমি কব মনের কত জ্বালা..' লালমাটিয়ার কলোনী মাঠে চলছে সাজ সাজ রিকশা উৎসব। আয়োজন থেকে একটু দূরে গাছতলার নিচে গুনগুনিয়ে গাইছেন কামাল হোসেন। উৎসব তাকে টানছে না, মাথায় তার অন্নচিন্তা। 'ভাই, মোগো অবস্থা খুবই খারাপ। অনেক পতই বন্ধ কইররা দেছে। রিকশা ছাড়া ঢাহা শহর অচল অইলেও হেইয়া বন্ধ কইররা দেতে চায়। এইয়া অইলে মোগো উপর জুলুম করা অইবে।" এখন পর্যন্ত উপার্জন ভালোই হলেও ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন কামাল। ক্রমেই যন্ত্রনির্ভর হয়ে ওঠা 'রিকশার শহর' খ্যাত রাজধানী ঢাকায় 'সেকেলে' এ বাহনের সংখ্যা কমিয়ে ফেলার তোড়জোড় চলছে মূলত যানজট নিয়ন্ত্রণে আনতে। রিকশা অনেক দিনের পুরনো ঐতিহ্য হলেও নগরীতে প্রথমবারের মতো আয়োজন হল 'রিকশা উৎসবের'। শনিবার লালমাটিয়ার নিউ কলোনী মাঠে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ উৎসবে ছিল নানা আয়োজন। 'বাংলাদেশ চেঞ্জমেকার' নামের একটি সংগঠন এর আয়োজন করে। সংগঠনটির প্রধান নির্বাহী সারাহ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সারাবিশ্বে তুলে ধরতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। পরিবেশবান্ধব এই বাহনটি দেশের বিশাল একটি জনগোষ্ঠীর জীবিকার সঙ্গে জড়িত। বাঙালিত্বও তুলে ধরা হয়েছে উৎসবে।" এবার প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হলেও আগামীতে নিয়মিত রিকশা উৎসব করার পরিকল্পনা রয়েছে বলে জানান সারাহ। সেই সঙ্গে বহির্বিশ্বেও এ উৎসব আয়োজনের কথা ভাবছে সংগঠনটি। বিত্তহীন থেকে শুরু করে মধ্যবিত্ত বাঙালির জনপ্রিয় বাহন এই রিকশা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ৫০ লাখের মতো রিক্সা চলছে। বাংলাদেশে এ সংখ্যা প্রায় দশ লাখের মতো। বিশ্বের ৯০টিরও বেশি দেশে এ ত্রিচক্রযানের প্রচলন থাকলেও ঢাকার মতো এত বেশি সংখ্যায় আর কোথাও নেই। বাংলাদেশ চেঞ্জমেকার-এর মুখপাত্র ড্যানিয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনব্যাপী উৎসবে গান, নাচ, রিকশা চালনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, প্রদর্শনী, রিকশার চালকদের পুরস্কৃত করাসহ নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়। এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দু'টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা রয়েছে। সাড়ে তিনবছরের মুশফিরা মাহজুবা মনোযোগ নিয়ে রিকশা আঁকতে বসেছিল। কিন্তু কিছুতেই চাকা আঁকতে পারছে না। শেষমেস মায়ের সাহায্য নিয়ে এঁকে ফেললো রিকশা। জানতে চাইলেই মুশফিরা বলে, "রিকশা আমার খুব ভালো লাগে।" মুশফিরার মা বললেন, "আমাদের গাড়ি নেই। আমার মেয়েটি রিকশা'র পোকা। রিকশায় চড়তে পছন্দ করে। রিকশা উৎসবের কথা জেনেই ছুটে এলাম। তবে রিকশা চালানো খুব কষ্টের।" এক যুগল উৎসবে এসে বললেন, তাদের প্রিয় বাহনটি যেন কখনো ঢাকা থেকে সরিয়ে ফেলা না হয়। নাম প্রকাশ করতে নারাজ এ জুটির কথা, "মধ্যবিত্তদের প্রিয়বাহন জ্বালানি ও দূষণমুক্ত এই রিকশা। আর রিকশায় চড়ে প্রেম করার তুলনা হয় না।" কম আয়ের মানুষের সাশ্রয় আর বিনোদনের বাহন হলেও রিকশা চালকদের কাছে জীবন-জীবিকাই মুখ্য। দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা চালক সাইফুল ইসলাম বললেন, " খাইয়া পইররা থাহার লইগগাই এ কাম বাইচছা লইছি। কাম করতে অয় কম, টাহাও পাই বেশি। লেহাপড়া হেইগলা তো কাম পাওন যায় না। এই কাম করলে পেডের চিন্তা করতে অয় না। যহন ইচ্ছা অয় তখন চালাই, যখন না অয় তখন বইয়া খাই।" রিকশা চালিয়ে সাইফুলের দিনে ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় হয়। রিকশা মালিক হুমায়ুন কবির জানান, চালকদের কাছ থেকে আধাবেলার জন্য ৫০ টাকা আর পুরো বেলার জন্যে ৯০ টাকা জমা নেওয়া হয়। উপকরণ ও যন্ত্রপাতির দাম বাড়ায় রিকশার দামও বেড়ে (প্রায় ১২-১৬ হাজার টাকা) গেছে। তার মতে, ধীরে ধীরে বাহনটি গরীবদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিন শেষে মালিকদের জমার টাকা দিয়ে কখনও কখনও পকেটে থাকে সামান্য টাকা। জীবনের এত কষ্ট আর অভাবের দুঃখ ভুলে থাকতে আশ্রয় করে গানকে। হয়তো ফেলে আসা প্রেয়সীর কথা মনে করে গুনগুনিয়ে গেয়ে ওঠে বরিশালের কামাল হোসেন