চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর চেরাগী পাহাড়ের মোড় এলাকায় শনিবার বিকালে আগুনে দশটি দোকান ও নয়টি ঘর পুড়ে গেছে।
আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল চারটার দিকে চেরাগী পাহাড় মোড়ের আবদুল হকের একটি ভাড়া দেওয়া ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে।
তিনি জানান, মুহূর্তেই আগুন একই মালিকের আরও আটটি বসত ঘর ও দশটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বারোটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার পরপর জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের একটি মিছিল ঘটনাস্থলের পার্শ্ববর্তী সড়ক অতিক্রম করে। এসময় মিছিল থেকে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ বিষয়টি অগ্নিকাণ্ডস্থল ও এর আশপাশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ছাত্রলীগ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, ছাত্রলীগের ওই কর্মীরা 'মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়'।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫৮ঘ.
bdnews24