২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগের সংঘর্ষে আহত ৮, বন্দুকসহ ভাইস চেয়ারম্যান আটক

জমি দখলকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলায় রোববার দুপুরে যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাওলাদ হোসেন ছানাকে (৩৮) একটি বিদেশি বন্দুক এবং ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 09:24 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

বরিশাল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি দখলকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলায় রোববার দুপুরে যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাওলাদ হোসেন ছানাকে (৩৮) একটি বিদেশি বন্দুক এবং ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মো. কাদের (২৮) ও মো. মাছুম (২৪) নামে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আহতদের মধ্যে আছেন- পৌর যুবলীগের সদস্য বাবুল আকন (২৯), পথচারী জসিম (২০), উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাহাদ আহমেদ ননী (৩২), আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম মিলন মুন্সি (৫২), সৈয়দ কিছমত (৩৮), লিটন মুন্সি (৩২) এবং লিটন মীর (৩৫)।

এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বাবুল। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বাবুলসহ পাঁচজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।

বরিশাল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল মোতালেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি সেখানে গিয়েছিলেন। বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্ব) উপপরিদর্শক আফজাল হোসেন জানান, অস্ত্র উদ্ধার এবং সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ভাইস চেয়ারম্যান মাওলাদ হোসেনসহ তিনজনকে আসামি করে অস্ত্র আইনে একটি এবং আহত বাবুল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

ওসি আফজাল জানান, বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের জমি নিয়ে বাবুল ও মাওলাদ হোসেনের মধ্যে বিরোধী চলে আসছিল।

পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১ টার দিকে যুবগলীগ নেতা বাবুল বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলাদের ভাই ননীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময বাবুলের সঙ্গে তার কয়েকজন সহযোগীও ছিল।

বিতণ্ডার এক পর্যায়ে বাবুল ইট নিয়ে ননীকে মারতে উদ্যত হন। এ সময় মাওলাদ একটি রিভলবার নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। দুই ভাই মিলে বাবুলকে জাপটে ধরে পায়ে দুই রাউন্ড গুলি করেন। স্থানীয়রা আহত বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সোয়া ১ টায় থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু মাওলাদ ও তার ভাই দলবল নিয়ে আবার বাসস্ট্যান্ড এলাকার দিকে অগ্রসর হলে বানারীপাড়া উচ্চ বিদ্যালয়ের মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় মাওলাদের সহযোগীদের হাতে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং লাঠিসোটা ছিল। তারা পুলিশের বাধা উপেক্ষা করে গুলি ছুড়তে ছুড়তে বাসস্ট্যান্ডের দিকে যায়। সেখানে তারা লোকজনকে বেধড়ক মারধর করেন।

দুপুর পৌঁনে ২ টার দিকে দুই সহযোগীসহ মাওলাদ হোসেনকে আটক করা হয়। দুপুর আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের সময় স্বরূপকাঠি-বানারীপাড়া-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

থানা হাজতে থাকা ভাইস চেয়ারম্যান মাওলাদ হোসেন বিকেলে সাংবাদিকদের জানান, তার বাসায় বাবুলসহ কয়েক জন হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেন। তার কাছ থেকে বন্দুক উদ্ধার হলো কীভাবে- জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৪৫ ঘ.