চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির ব্যাপারে 'অধিকাংশের নীরবতা' দুর্নীতিকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
রোববার বিকেলে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হাসান মশহুদ চৌধুরী বলেন, "দেশে কোন একটি পেশাকে নির্দিষ্টভাবে দুর্নীতিগ্রস্ত বলার সুযোগ নেই। সব পেশায়, সব পর্যায়ে দুর্নীতি রয়েছে। কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত, কেউ বা তাদের সহযোগিতা করছে। আবার অধিকাংশের নীরবতাও দুর্নীতিকে উসকে দিচ্ছে।"
তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা পর্যায়ে অন্তত একটি অফিসে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নজীর স্থাপন করার ওপর গুরুত্বারোপ করেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, এতদিন স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের যে দূরত্ব ছিল, তা দূর করার সময় এসেছে। জনপ্রতিনিধিরাই পারেন উপজেলা পর্যায়ে দুর্নীতি দূর করার চ্যালেঞ্জ গ্রহণ করতে।
দুদক ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
হাসান মশহুদ বলেন, "উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা যদি দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন তাহলে কোন এলাকায় কোন সরকারি কর্মকর্তার পক্ষে ঘুষ নেওয়া সম্ভব হবে না। স্থানীয় জনসাধারণের পাশাপাশি তারা সুশীল সমাজেরও সহায়তা পাবেন।"
চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দুদকের উপ পরিচালক আফজালুর রহমান, চট্টগ্রামের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এসকে/২১২৯ঘ.
bdnews24