ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রোববার আরো দু'জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন পুলিশ কনস্টেবল মনোরঞ্জন বিশ্বাস এবং দাউদ আলীর সাক্ষ্য নেওয়ার পর ২ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করেন। ঐদিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ৭ জনের নামে সমন দেওয়া হয়েছে।
এ দু'জনকে নিয়ে রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হলো। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৪০৮ জন সাক্ষী রয়েছেন।
কনস্টেবল মনোরঞ্জন এবং দাউদ উভয়েই ঘটনার সময় রাজধানীর মতিঝিল থানায় কর্মরত ছিলেন। মনোরঞ্জন চাকরি থেকে অবসরে গেছেন আর দাউদ নগরীর কদমতলী থানায় কর্মরত আছেন।
মনোরঞ্জন এবং দাউদ তাদের সাক্ষ্যে বলেন, তারা ১৩টি মৃতদেহের কাপড়-চোপড়সহ বিভিন্ন আলামত জব্দ তালিকায় অন্তর্ভূক্তির সময় উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা নিহত ১৩ জনের কাপড়-চোপড় বহন করে মতিঝিল থানায় নিয়ে যান।
সাক্ষ্য গ্রহণের সময় মুফতি আবদুল হান্নান, সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৪ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় এখনো ৮ আসামী পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২১৫ঘ.
bdnews24