জামালপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মুক্তিযুদ্ধের সময় স্বামীকে ধরে নিয়ে গুলি করে এবং বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে দুই সন্তানকে হত্যার অভিযোগে জামালপুরে চার 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার জামালপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে (আমলী আদালত-ক অঞ্চলে) মামলাটি করেন জেলার বকশীগঞ্জ উপজেলার টাঙ্গারীপাড়া গ্রামের নওফুল বিবি।
হাকিম এ কে এম জাহাঙ্গীর আলম মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বকশীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব আলী।
তিনি জানান, মামলার আসামিরা হলেন-টাঙ্গারীপাড়া গ্রামের মাওলানা মো. মোতালেব হোসেন, মো. শরীফ উদ্দিন, মো. জয়নাল আবেদীন ও মো. মকছের রহমান।
বাদীর অভিযোগ, মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় এ চার 'রাজাকার' ১৯৭১ সালের ১৬ অক্টোবর সকালে তার স্বামী সমশের আলীকে বেঁধে নির্যাতন করে এবং বকশীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। 'রাজাকাররা' তাকেও গুলি করে এবং বাড়ি-ঘরে আগুন দেয়। এতে তাদের দুই বছর বয়সী মেয়ে আয়শা ও দুদিন বয়সী সুচন্দা মারা যায়।
অভিযোগে বলা হয়, পাকিস্তানি বাহিনী সমশের আলীকে ছেড়ে দিলেও এ চার 'রাজাকার' বকশীগঞ্জ গরুর হাটের পাশে তাকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৩ ঘ.
bdnews24