গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট জঙ্গিকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড সদৃশ বোমা জব্দ ও ফাটানোর ঘটনায় করা তিনটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা রোববার (২৯ মার্চ) মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন। সোমবার সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত অভিযোগপত্র তিনটি গ্রহণ করেন।
গত ২০ ফেব্র"য়ারি টঙ্গীর খরতৈল এলাকার একটি বাসা থেকে মহিলাসহ জেএমবির চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরপরই মামুন নামে আটক এক জঙ্গি বোমা ফাটায়। পরদিন গাজীপুর সদর উপজেলার কামারজুরি এলাকার একটি বাসা থেকে আরও চার জঙ্গিকে বোমা ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় টঙ্গী ও জয়দেবপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
মামলা তিনটির তদন্তকারী ও আদালতের কর্মকর্তারা জানান, টঙ্গীর খরতৈল এলাকায় বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ জঙ্গি মামুন, মীনা, মারজিয়া ও নূর জাহানকে গ্রেপ্তারের ঘটনায় ২০ ফেব্র"য়ারি টঙ্গি থানার উপ-পরিদর্শক মো. সিরাজ একটি মামলা করেন।
গাজীপুর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মদন মোহন বণিক তদন্ত কর্মকর্তা হিসাবে ওই চার জঙ্গিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
২০ ফেব্র"য়ারি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বোমা ফাটানোর ঘটনায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান একটি মামলা করেন। ওই মামলায় জঙ্গি মামুন একমাত্র আসামি। ডিবির উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান শুধু মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
পরদিন গাজীপুর সদর উপজেলার কামারজুরি এলাকায় বোমা ও বিস্ফোরক দ্রব্য জব্দের ঘটনায় ডিবির উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান চার জঙ্গির বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক আসাদুর রহমান ছয় জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, বিস্ফোরক দ্রব্যসহ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় জয়দেবপুর ও টঙ্গী থানায় মোট চারটি (জয়দেবপুরে ৩টি, টঙ্গীতে ১টি) মামলা হয়েছিল। চতুর্থ মামলাটি তদন্ত করেছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম (১)। এখন (সোমবার) পর্যন্ত এ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24