নীলফামারী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা দীঘিরপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় তিন ছাত্রকে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে শিক্ষক হাফেজ আব্দুল খালেককে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে পুলিশ আটক করে। তার বাড়ি একই উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের গোডাউনের হাট এলাকায়।
রোববার 'শেকল বাঁধা জীবন' শিরোনামে এ সংক্রান্ত প্রতিবেদন ছাপা হয় একটি জাতীয় দৈনিকে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি বলেন, থানায় হেফাজতে খালেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন গুরুতর অভিযোগ পেলে তার বিরুদ্ধে থানায় মামলা হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম ভুঞা মাদ্রাসাটি পরিদর্শন করেছেন বলে ওসি জানান।
দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কুরআন শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা থেকে কুরআন শেখে ১৭ জন বিভিন্ন বয়সের ছাত্র। এদের মধ্যে ছোটখাতা গ্রামের হানু মিয়ার ছেলে শাহ আলম (১২), ছোটখাতা পুর্বপাড়ার আব্দুল গণির ছেলে বাছেদ আলী (১০) ও একই এলাকার জোনাব আলীর ছেলে বাছেদ আলীকে (১০) পায়ে শেকল বেঁধে আটকে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24