ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সিআইডির সাবেক তিন তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
এরা হলেন পুলিশের সাবেক সহকারি সুপারিনটেনডেন্ট আব্দুর রশীদ ও মুন্সি আতিকুল ইসলাম এবং বিশেষ সুপারিনটেনডেন্ট রুহুল আমিন।
মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারি সুপারিনটেনডেন্ট ফজলুল কবীর বাদি হয়ে রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সিআইডির ওই তিন তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে জজ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে মিথ্যা ও সাজানো সাক্ষ্য দেওয়ানো এবং মামলার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ২৩ আগষ্ট থেকে ২০০৭ সালের ২৮ আগষ্ট সময়কালের মধ্যে এ ঘটনা ঘটে। এই মামলায় ২০০৫ সালের ২৬ জুন জজ মিয়াকে রিমান্ডে এনে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। তখন অপর দুই আসামী আবুল হাশেম রানা ও শফিকুল ইসলাম শফিকের কাছ থেকেও মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। পরে ২০০৫ সালের অক্টোবরে মুফতি হান্নানকে গ্রেপ্তারের পর আসল ঘটনা উৎঘাটিত হয়।
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডির সহকারি সুপারিনটেনডেন্ট আব্দুর রশীদ। পরে ২০০৫ সালের ২৪ ডিসেম্বর থেকে মুন্সী আতিকুল ইসলাম তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান। তবে প্রথম থেকেই বিশেষ সুপারিনটেনডেন্ট রুহুল আমিন মামলাটি তদারকি করে আসছিলেন।
এ মামলার অন্যতম আসামী আব্দুর রশীদ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা একটা ষড়যন্ত্র। আদালতে এটা মিথ্যা প্রমাণিত হবেই।
তিনি এ মামলাকে 'ওপর লেভেলের ষড়যন্ত্র' হিসেবে আখ্যায়িত করে বলেন, "এটা ওপর লেভেলের ষড়যন্ত্র, এখন আমাদের ওপর এসে চেপেছে।"
তিনি বলেন, "জজ মিয়াকে শুধু আমরাই জিজ্ঞাসাবাদ করিনি, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এমনকি এফবিআই সদস্যরাও জিজ্ঞাসাবাদ করেছে। আমরা যদি সাজানোভাবে তার স্বাীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের চেষ্টা করে থাকি, তবে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে কীভাবে ১৬৪ ধারায় তার জবানবন্দী নেওয়া হলো।"
তিনি আরো বলেন, "যতো শিগগিরই সম্ভব এই মামলায় জামিন নেব ও আইনগত লড়াই চালিয়ে যাবো।"
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ অনেকে গুরুতর আহত হন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএনএস/এইচএ/২৩৩০ঘ.
bdnews24