সাতক্ষীরা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ভারতে পাচার হচ্ছে সন্দেহে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ স্লুইস গেট এলাকা থেকে নারী, পুরুষ ও শিশু মিলে নয়জনকে আটক করেছে বাংলাদেশে রাইফেলস (বিডিআর)।
সোমবার সকালে তাদের আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এরা হলেন- বরিশালের জিয়া নগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবুল ফারাজী (২৮), বাগেরহাটের মোড়লগঞ্জ গ্রামের ফাহিমা আক্তার (২০), তার পাঁচ মাসের ছেলে ইয়াসিন, মোড়লগঞ্জ উপজেলার পাতামারা গ্রামের ফাতেমা আক্তার (১৪), হাওড়িয়া গ্রামের শাবানা (১৮) ও রেশমা আক্তার (১২), ছোট চান্দুড়িয়া গ্রামের তহমিনা (২৫), তার চার মাসের ছেলে ফয়জুল ও সাত বছরের মেয়ে রুবি আক্তার।
বিডিআরের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ কবির জানান, ভারতে লোক পাচারের খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ স্লুইস গেটের ওপর থেকে শাঁখরা ক্যাম্পের বিডিআর টহল দল এ অভিযান চালায়।
উদ্ধার পাওয়াদের কাছে প্রাপ্ত তথ্যমতে পালিয়ে যাওয়া তিন পাচারকারী হল-সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ হাড়তদহা গ্রামের ফজলু মিয়া (৫০), আব্দুল হামিদ (৩০) ও হাসান আলী (২৭)।
এ ব্যাপারে বিডিআরের নায়েক সুবেদার আমজাদ আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24