ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকা থেকে পাঁচটি বিশেষ আদালত সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ অধিবেশন শুরুর পরও কেন বিশেষ আদালত সরিয়ে নেওয়া হয়নি সে জন্য আইন সচিবকে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে।
সোমবার বিকালে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের একথা জানান।
সুরঞ্জিত বলেন, "একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু এখন পর্যন্ত এ বিশেষ আদালতগুলো সরিয়ে নেওয়া হয়নি। সংসদের কাজে বাধা পড়তে পারে এমন কোন কাজ কেউ করতে পারে না। সে কারণে বিশেষ আদালতগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।"
সংসদ ভবনের বিভিন্ন জায়গা থেকেই আসবাবপত্র নিয়ে বিশেষ আদালত করার কারণে এখনো পর্যন্ত কমিটিগুলো ঠিক মতো কাজ করতে পারছে না বলে জানান তিনি।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্দেহভাজন দুর্নীতিবাজদের দ্রুত বিচার করতে সংসদভবন এলাকায় পাঁচটি বিশেষ আদালত স্থাপন করা হয়। ২০০৭ সালের ৬ মে থেকে এ আদালতগুলোতে বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এখানে আরো ৫টি বিশেষ আদালত স্থাপন করা হয়।
জাতীয় নির্বাচনের আগে সংসদ এলাকা থেকে আদালতগুলো সরিয়ে নেওয়ার জন্য সংসদ সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৫টি বিশেষ আদালত ঢাকা জজ কোর্ট এলাকায় এবং বাকি ৫টি ঢাকার বাইরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় সরকার।
এর মধ্যে ঢাকা জজ কোর্টে ৫টি আদালত সরে গেলেও বাকি ৫টি স্থানান্তর হয়নি।
এদিকে মানবাধিকার কমিশনকে আরো বেশি কার্যকরী সংস্থা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেন, "প্রতিষ্ঠানটিকে আমরা আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি করা অধ্যাদেশটি সংসদে পাশ করা হবে। তবে তার আগে পার্শ্ববর্তী এবং উন্নত দেশগুলোর এ সংক্রান্ত রিপোর্টগুলো দেখে নেওয়া হবে।"
আইনটি পাশ হওয়ার আগ পর্যন্ত কমিশনের অফিস 'যেভাবে চলছে সেভাবেই চলবে' বলেও জানান তিনি।
কমিটির সভাপতি আরো জানান, মানবাধিকার কমিশনের পাশাপাশি কমিটির আগামী বৈঠকে অর্থ ঋণ আদালত বিষয়েও পর্যালোচনা করা হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সোমবারের বৈঠকে সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, রহমত আলী, সালাহউদ্দিন কাদের চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম সুজন অংশ নেন। এছাড়া আইন সচিব হাবিবুল আওয়াল ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেআরসি/পিসি/এমএইচসি/এসকে/২১৪৮ঘ.
bdnews24