২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রতিনিধিরাই পারেন দেশকে দুর্নীতিমুক্ত করতে: হাসান মশহুদ

জনপ্রতিনিধিরা চেষ্টা করলে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী তিনি বলেন, "দুর্নীতি রোধ করার জন্য একটি কমিটমেন্টই যথেষ্ট, তা হচ্ছে- আমি নিজে দুর্নীতি করব না এবং আমার এলাকায় দুর্নীতি করতে দেব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

চাঁদপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনপ্রতিনিধিরা চেষ্টা করলে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী তিনি বলেন, "দুর্নীতি রোধ করার জন্য একটি কমিটমেন্টই যথেষ্ট, তা হচ্ছে- আমি নিজে দুর্নীতি করব না এবং আমার এলাকায় দুর্নীতি করতে দেব না।" মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কথা বলেন। জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা যারা নতুন জনপ্রতিনিধি হয়েছেন তারা যদি প্রত্যেকে শপথ করেন যে আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না এবং আমার পরিষদে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না তাহলে যে জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন সে জনগণই আপনাদের সাথে থাকবে। যতদিন পর্যন্ত আপনার সৎ প্রচেষ্টা অব্যাহত থাকবে ততদিন আপনার প্রতি জনসমর্থনও থাকবে।" হাসান মশহুদ বলেন, "যারা দুর্নীতি করে তাদের অর্থের জোর থাকলেও মনের জোর থাকতে পারে না। সবাইকে নিয়ে যদি দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারি তাহলে আমরা সফল হব।" জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় চাঁদপুরের সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিরোধ কমিটির সভাপতি ডা. এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আ ক ম শাহীদুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার টি এম মুজাদিুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ ও গণসচেতনতা দপ্তরের উপ-পরিচালক আফজালুর রহমান ভূঁইয়া ও চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার। সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ মো. আলী, মতলব দক্ষিণ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মীরানী দাস, হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.