২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় 'রাজনৈতিক' কাদা ছোঁড়াছুড়ি বন্ধের দাবি রাজ্জাকের

পিলখানার ঘটনায় রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর কম)-পিলখানার ঘটনায় রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। মঙ্গলবার নয়া পল্টনে নিজের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আবদুর রাজ্জাক বলেন, ''পিলখানার ঘটনার তদন্ত নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। এ ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলে তদন্ত কর্মকান্ডে সবাইকে সহযোগিতা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাদের যাতে বিচারের মুখোমুখি করা যায়, সে ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে।'' তিনি বলেন, সরকার পক্ষ থেকে হাইকোর্টের দেওয়া আমার অন্তবর্তীকালীন জামিন স্থগিতের আপিল আবেদনও মঙ্গলবার নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বা তার আগে বা পরে বিডিআর'র কোনো কর্মকর্তা বা জওয়ানের সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি জানিয়ে ব্যারিস্টার রাজ্জাক বলেন, "এ বিষয়ে সিআইডি কর্তৃপক্ষ আমাকে কোনো প্রশ্ন করেনি। কোনো ফোনের তালিকাও দেখায়নি। অথচ সিআইডি'র জিজ্ঞাসাবাদের বিষয়ে কতিপয় পত্রিকা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের অবতারণা করেছে। যা আমার জানা নেই।'' এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিআইডি কর্তৃপক্ষ তার পড়াশুনা, তার ও স্ত্রীর টেলিফোন নম্বর, পরিবার, ব্যাংক হিসাব, ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানার ঘটনার দিন তিনি কোথায় ছিলেন, বিদেশে যাওয়া ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি পিলখানার ঘটনা নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''সিআইডি যা জানতে চেয়েছে, আমি তো তাদের কাছে বলেছি। সিআইডি এ বিষয়ে কেনো প্রশ্ন করেনি, তা তাদের জিজ্ঞাসা করুন।'' ব্যারিস্টার রাজ্জাক জানান, ১৬০ ধারা অনুযায়ী রাষ্ট্রের যে কাউকে সাক্ষী হিসেবে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারে। এ বিষয়ে সিআইডি'র ক্ষমতা রয়েছে। উচ্চতর আদালতের নির্দেশে বিদেশে যেতে না দেওয়া সংক্রান্ত দু'টি মামলা বিচারাধীন অবস্থায় সিআইডি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টিকে রাজ্জাক 'রহস্যজনক' বলেও মন্তব্য করেন। তবে কেবল রাজনীতিবিদ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি নিজেকে 'সৌভাগ্যবান বা লাকী' বলে আখ্যায়িত করেন। বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ৯/১১ এর পর পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল উল্লেখ করে তিনি বলেন, "আজ আমাদের এ ইস্যুতে এক হতে হবে। ক্রিকেটের জন্য আমরা এক হতে পারি, তাহলে এ বিষয়ে কেনো ঐক্য হবে না। এর সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জড়িত। '' পিলখানার ঘটনাকে খাটো করে না দেখে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সঙ্গে বাইরের মদত আছে কি-না তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারসহ কয়েকজন কনিষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৩০ঘ.