ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসে নিজের দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা আবুল আসাদ রাজীব মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন।
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজীবের খালাতো ভাই শোভন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজিব মারা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।"
রাজীবের বাবার নাম বাবা রিয়াজউদ্দীন সরদার। তাদের বাড়ি রাজশাহী মেডিকেল কলেজের পাশে কলাবাগানে। তিনভাই এর মধ্যে সে দ্বিতীয়।
সোমবার রাত ১২টার দিকে ফজলে রাব্বি হোস্টেলে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে রাজিবসহ ২৫-৩০ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরও ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকার প্রায় তিন মাস আগে ক্ষমতায় আসার পর দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে প্রভাব বিস্তার নিয়ে অন্য ছাত্র সংগঠনের সঙ্গে ছাড়াও নিজেদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে এ সময়ে অন্তর্কোন্দলের জেরে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/১৯৩৪ঘ.
bdnews24