ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর কম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সত্য ও জবাবদিহিতা কমিশনের মাধ্যমে যে সব সরকারী কর্মকর্তা অনুকম্পা লাভ করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, সরকারি শৃঙ্খলা বিধান অনুযায়ী, কোন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিকে চাকরিতে রাখা হবে না।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "ট্রুথ কমিশন আইন অনুযায়ী অনুকম্পাপ্রাপ্তদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান না থাকলেও, বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে না এমন কোন বিধান নাই।"
শফিক আহমেদ বলেন, "অনুকম্পাপ্রাপ্তদের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তারপর কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আইনমন্ত্রী জানান, সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের ৩৫১ জনের মতো কর্মকর্তা-কর্মচারি ট্রুথ কমিশন থেকে অনুকম্পা পেয়েছেন।
তিনি বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের চাকুরিচ্যুত করার ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।"
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীন সাব-রেজিস্ট্রার অফিসের যেসব কর্মকর্তা-কর্মচারি ট্রুথ কমিশন থেকে অনুকম্পা লাভ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর কম/পিসি/এএনএস/এইচএ/২০২২ঘ.
bdnews24