রংপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতাযুদ্ধের সময় রংপুরে একজন মুক্তিযোদ্ধাকে অপহরণের পর হত্যার অভিযোগে চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রংপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার মিঠাপুকুর উপজেলার শালমারা বিরামপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারী ভোলার স্ত্রী তবিরন নেছা।
শুনানি শেষে হাকিম এ টি এম তোজাম্মেল হোসেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার চার আসামি হলেন- মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল মজিদ (৫৪), সুলতান মাহমুদ দুলাল (৫৫), মজিবর (৭০) ও আনোয়ার আলী (৫৫)।
এরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর এবং রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, আব্দুল বারী ভোলা ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ওই বছরের ২৭ নভেম্বর মুক্তিযোদ্ধা ভোলা তার সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতে বাড়ি আসেন। এ খবর পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর এ চার 'রাজাকার' সন্ধ্যায় তাদের (ভোলার) বাড়ি আসেন এবং ভোলাকে ধরে নিয়ে যান।
ভোলাকে দড়ি দিয়ে পিঠমোড়া করে বেঁধে বৈরাগীগঞ্জ রাজাকার ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তবিরন নেছা স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আকুতি জানালে তাকেও রাইফেল দিয়ে পেটানো হয়।
আসামিরা বৈরাগীগঞ্জ মাজারের কাছে নিয়ে চোখ মুখ বেঁধে ভোলাকে গুলি করে হত্যা করে। এরপর তারা সেখানে জাম গাছের নিচে গর্ত করে লাশ মাটি চাপা দেয়।
তবিরন নেছার শুনানিতে অংশ নেন রথিশ চন্দ্র ভৌমিক, মাসুম গহর মুকুল, আল্পনা ইসলাম, রফিকুল ইসলাম লালসহ বেশ কয়েকজন আইনজীবী।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহেদ জানান, মামলা হওয়ার কথা তিনি শুনেছেন। তবে আদালতের আদেশ এখনও থানায় পৌঁছায়নি। আদেশ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২৬ ঘ.
bdnews24