ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও ছোরা রাখার দায়ে পশ্চিম কাফরুলের সন্ত্রাসী মো. নাসিরের ২৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ রায় দেন ঢাকার পরিবেশ আদালত এবং বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক ফওজুল আজিম।
তবে সব শাস্তি এক সঙ্গে কার্যকর হবে এবং দণ্ডিতের হাজতবাস করার সময় শাস্তির মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ের বিবরণে উল্লেখ করা হয়, গত ২০০৩ সালের ২৯ মে মীরপুর থানা পুলিশ খবর পায়, দণ্ডিত নাসির তার পশ্চিম কাফরুলের ভাড়া বাসায় একটি ওয়ান শুটার, একটি গুলি ও একটি ছোরা নিয়ে অবস্থান করছে।
কয়েকজন সাক্ষীর সামনে মীরপুর থানার উপপরিদর্শক মো. রুহানী পুলিশ ফোর্স নিয়ে নাসিরকে হাতে নাতে গ্রেপ্তার করে ওই অস্ত্র, গুলি, ছোরা জব্দ করেন ।
জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছিল এ অস্ত্রগুলো সে ঠাকুরগাঁও থেকে তিন হাজার টাকায় কিনেছে। সে অস্ত্রগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
রায় দেওয়ার সময় জামিনে থাকা নাসির আদালতে উপস্থিত ছিল।
দণ্ডিতের বিরুদ্ধে ওয়ান শুটার গানের জন্য ১০ বছর, গুলি রাখার জন্য ৭ বছর, ছোরা রাখার জন্য ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও সাজা একসঙ্গে চলবে বলে কার্যকর হবে ১০ বছরের শাস্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৩৩ঘ.
bdnews24