ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাড়ে চারশ' কর্মচারীর চাকুরিচ্যুতি অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের দায়ের করা ৩৯টি লিভ টু আপিল আবেদন খারিজ করে এই রায় দেন।
২০০৪ সালের ১৮ ফেব্র"য়ারি থেকে কয়েক দফায় রাজউকের কর্মভিত্তিক সাড়ে চারশ' কর্মচারীকে চাকুরিচ্যুত করে পূর্ত মন্ত্রণালয়।
ওই চাকুরিচ্যুতির আদেশের বিরুদ্ধে রাজউকের সার্ভেয়ার আশুতোষ চাকমা, এমএলএসএস নুরুল ইসলাম, কনিষ্ঠ হিসাব সহকারী আবদুল মাবুদসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
এসব রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ৫ ও ৬ জুন হাইকোর্ট তাদের চাকুরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে রাজউক আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছিল।
রাজউকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম নজরুল ইসলাম। কর্মচারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০২৭ঘ.
bdnews24