সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনার তদন্ত শেষ করতে আরো প্রায় ৯০ দিন বা ৩ মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডির একজন কর্মকর্তা।
সঙ্গত কারণে নাম প্রকাশে বাধা আছে জানিয়ে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, আলামত সংগ্রহ ও পরীক্ষা এবং মামলার প্রমাণ প্রস্তুতের কাজে এ সময় লাগতে পারে।"
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৯ সেনা কর্মকর্তা নিহত হয়।
এ ঘটনায় ২৮ ফেব্র"য়ারি সহস্্রাধিক বিডিআর সদস্যকে আসামী করে লালবাগ থানায় মামলা দায়েরের পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত শুরু করে।
তদন্তে সংশ্লিষ্ট সিআইডির ওই কর্মকর্তা বলেন, "বিডিআর সদর দপ্তরে ঘটনার সময়ে কর্মকর্তা সৈনিকসহ প্রায় সাত হাজার লোক উপস্থিত ছিলেন । অন্তত পক্ষে পাচহাজার রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী। এছাড়া সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। এর বাইরে বিভিন্ন আলামত পরীক্ষা, ভিডিও ফুটেজ সংগ্রহ ও মিলিয়ে দেখা ইত্যাদি কাজও করতে হচ্ছে। আমাদের অনেকগুলো টিম কাজ এ কাজে নিয়োজিত থাকলেও কাজের ব্যপ্তির কারণে তদন্ত প্রক্রিয়া শেষ করতে ৯০দিন সময় লাগতে পারে।"
কর্মকর্তাটি জানান, বাংলাদেশের ইতিহাসে সিআইডি এই প্রথম এরকম একটি মামলার তদন্ত কাজ করছে যার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহভাজন আসামীর সংখ্যা হাজারের বেশী। আবার ঘটনার সময় উপস্থিত প্রায় সাত হাজার ব্যক্তির মধ্যে থেকে এই আসামীদের খুঁজে বের করতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই মামলার তদন্তে সময় লাগছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, "বিভিন্ন অস্ত্র ও ঘটনাস্থল থেকে আমরা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছি। এখন এগুলো যখন আমরা মিলিয়ে দেখতে যাব, তখন কম করে হলেও দেড় হাজার লোকের সঙ্গে এগুলো ম্যাচিং করতে হবে। এই প্রক্রিয়াটিও সময় সাপেক্ষ। ফলে কালকের মধ্যেই রিপোর্ট দিয়ে দিতে বললেই তো আর আমরা তা পারবো না। সঠিক তদন্ত চাইলে আমাদের সময় দিতে হবে।"
তিনি জানান, বিডিআর জড়িত ছাড়াও সে সময়ে পিলখানার ভেতরে থাকা সেনাসদস্য ও তাদের পরিবারের বক্তব্যও নিতে হচ্ছে। র্যাব ও সেনাবাহিনী তদন্তে সহায়তা করছে। কিন্তু মুল তদন্তকারী টিম হিসাবে প্রমাণ ও মামলা সংগ্রহের কাজগুলো সিআইডিকেই করতে হচ্ছে।
শুক্রবার কয়েকটি পত্রিকায় সিআইডি কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে প্রকাশিত 'এফবিআই বলেছে ঘটনাটি পূর্বপরিকল্পিত' ধরনের সংবাদ প্রকাশের তুলে ধরে তিনি বলেন,"তারা এ জাতীয় সংবাদ কোথায় পেলেন আমার জানা নেই। এ ঘটনার পরে সিআইডি'র কোন কর্মকর্তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।"
তিনি বলেন,"এফবিআই সদস্যরা তদন্তকারী নন, তারা বাংলাদেশীর তদন্তকারীদের শুধুমাত্র সহায়তা করছেন। তারা মুলত তদন্ত পদ্ধতির বিষয়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন মাত্র।"
এদিকে পিলখানার ঘটনা তদন্ত সমন্বয়ের জন্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে একটি কেন্দ্রীয় নির্দেশনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে তদন্তকাজে নিয়োজিত বিভিন্ন টিমের তথ্যগুলো সমন্বয় করা হচ্ছে।
ওই কর্মকর্তা জানান, তদন্তকাজে নিয়োজিত সিআইডির কর্তকর্তাদের সংগৃহীত তথ্য কমান্ড সেন্টারে বিশ্লেষণ করা হয়। এছাড়া ঢাকার বাইরেও কয়েকটি সিআইডি টিম কাজ করছে। তাদের পাঠানো তথ্যও সেন্টারটির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এছাড়া টিমগুলোর কাজে সমন্বয়ের জন্যে এই সেন্টারের মাধ্যমে দিক নির্দেশনা দেয়া হচ্ছে।
এফবিআই সদস্যরা এই সেন্টারটি পরিদর্শন করেছেন। তারা এর আধুনিকায়নের লক্ষ্যে বেশকিছু পরামর্শ দিয়েছেন। এরা সেন্টারটির কার্যপদ্ধতি ও বিশ্লেষণ পদ্ধতির বিষয়েও কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।
সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, এফবিআই টিমের সদস্যরা পিলখানার ঘটনাস্থলগুলো ঘুরে দেখার পরে এখন সিআইডির তদন্ত প্রক্রিয়া বিশ্লেষন করে দেখছেন। এক্ষেত্রে প্রযুক্তিগত যেসব ত্র"টি রয়েছে, সেগুলো সমাধানের জন্যে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং তদন্তের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কেও কিছু নির্দেশনা দিয়েছেন।
এদিকে শনিবার পিলখানার ১ নং গেটে বিডিআর সদস্যদের সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়ায় বিক্ষোভ করেছেন তাদের স্বজনেরা। পরে ১৪ বিডিআর সদস্যর পরিবারকে ভেতরে দেখা করতে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/১৮২৭ ঘ.
bdnews24