বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটে শনিবার সকালে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত রিয়াজ উদ্দিন পলাশ (২৪) স্থানীয় ছাত্রলীগ কর্মী। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে সাতজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতজনকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- রিপন (৩৬), মনির (৩০), কালু বেপারী (৪৫), হানিফ বেপারী (৩০), কাওসার বেপারী (৬৫), নিরব (২০), ইউনুস (২৮), আমজাদ (৩০), সাহাবুদ্দিন (৩০), দেলোয়ার (২৫), বিকেন (৩০), আল আমিন (২০) ও মনির (২৫)।
বরিশালের পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী বলেন, শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মাহেব হোসেন গ্র"প এবং আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর নাছির গ্র"পের মধ্যে কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত সংঘর্ষ চলে বলে এসপি জানান।
মাহেব হোসেন এ ঘটনার জন্য নাছির গ্র"পের লোকজনকে দায়ী করেছেন।
তিনি অভিযোগ করেন, গত ২২ জানুয়ারি উপজেলার নির্বাচনের সময় তার পক্ষে কাজ করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাছিরের লোকজনকে গালাগাল এবং তার বাসায় হামলার চেষ্টা করে।
মাহেব জানান, মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনের ফলাফল স্থগিতের বিষয় নিয়ে পাতারহাট বন্দরের বদরপুর এলাকায় তার বাসায় উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর জরুরি সভা ছিল। সভায় যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা তার বাসায় আসা সময় নাছিরের লোকজন এ ঘটনা ঘটায়।
নিহত পলাশকে তার কর্মী বলেও দাবি করেন মাহেব। এ ব্যাপারে হত্যা মামলা করবেন বলেও তিনি জানান।
অপরদিকে নাছির সংঘর্ষের জন্য মাহেব হোসেনের লোকজনকে দায়ী করেছেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক সংঘর্ষ ও একজনের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24