জামালপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস-বিডিআরের সৎ ও নির্ভীক জওয়ানদের নিয়ে একটি নতুন বাহিনী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলাম।
তিনি বলেন, "২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআরের প্রতি মানুষের ঘৃণা ও ধিক্কার জন্মেছে। বিডিআর তাদের আস্থা ও বিশ্বাস হারিয়েছে। হারানো বিশ্বাস ও আস্থা তাদেরকেই ফিরিয়ে আনতে হবে।"
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর বিডিআর প্যারেড গ্রাউন্ডে জওয়ানদের সঙ্গে মতবিনিময়ের সময় ডিজি এ কথা বলেন।
তিনি বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো নির্দোষ জওয়ান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও লক্ষ্য রাখা হবে। এ ব্যাপারে লিখিত বক্তব্য ইতোমধ্যে দেশের সকল জওয়ানের হাতে পৌঁছানো হয়েছে।"
এসময় আরও উপস্থিত ছিলেন, ৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মাবুদ ও পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক।
পরে ব্রিগেডিয়ার জেনারেল মইনুল জামালপুরের কামালপুর বিডিআর ক্যাম্পে অনুরূপ মতবিনিময় সভায় বক্তব্য দেন।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি ময়মনসিংহ শহেরর খাগডহর এলাকায় সেক্টর দপ্তরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/১৫৩৪ঘ.
bdnews24