টাঙ্গাইল, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, ময়মনসিংহ ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয় আরো ৬২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি কেএস রহমান শফি জানান, বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের বাসাইলে দশজন নিহত হয়। এতে আহত হয়েছে ৩৫ জন।
নিহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- টাঙ্গাইল বারের সাবেক সভাপতি সিরাজুল হক লাল (৬৫), ট্রাকের চালক নাটোরের লালপুর থানার মহেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম শফিক (৩৫), ট্রাকের হেলপার যশোরের ঝিকরগাছা থানার নীলচন্দ্রপুর গ্রামের তরিকুল রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসিন্দা আমির আলী (৪০), টাঙ্গাইলের ঘাটাইল থানার খরাবর গ্রামের আব্দুস সালাম (৪৫), নবতারা গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও জামুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে একাব্বর হোসেন (৩৫)।
আহতদের মধ্যে ৩১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাসটি গোপালপুর থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটিতেও নিহত সিরাজুল হক লালসহ বেশ কিছু যাত্রী ছিল।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নওপাড়ায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় চার জন বাসযাত্রী নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- র্যাব-৮ এর এস আই সুবেদার হাবিবুর রহমান হাবিব (৫২), বরিশালের বাকিরগঞ্জের মাওলানা হাবিবুর রহমান (৪৫) এবং অপর জনের নাম আবু জাফর (৩৫)।
আহতদের মধ্যে ১৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-২২৪৪) নওপাড়ায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন জন ও পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত এক জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত চারজনের লাশ ভাঙ্গা থানায় রাখা হয়েছে। থানায় মামালার প্রস্ততি চলছে।
এদিকে ময়মনসিংহ প্রতিনিধি জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়।
নিহতরা হচ্ছে-রহিমা (৩৫) ও তার ছেলে নাসিরউদ্দিন (৭)। তাদের বাড়ি মাইজবাগে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়। রিক্সাচালকও আহত হয়। ট্রাকটি দুর্ঘটনার পরে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/এইচএ/১৪৪৫ঘ.
bdnews24